শেষ পর্যন্ত আক্ষেপই সঙ্গী সিটির
একটা মাইলফলক ডাকছিল ম্যানচেস্টার সিটিকে। সেই ডাকে সাড়া দেওয়ার ম্যাচের আগে একটা স্বস্তির খবরও পেয়েছিলেন সমর্থকেরা। তবে কার্লোস তেভেজের ক্লাব ছেড়ে যাওয়ার অনুরোধ ফিরিয়ে নেওয়ায় স্বস্তি হারিয়ে গেল সুযোগ হাতছাড়া করার আক্ষেপে।নিজেদের মাঠে পরশু এভারটনের বিপক্ষে জিতলেই দারুণ একটা অর্জন হয়ে যেত ম্যান সিটির। ৮১ বছরের মধ্যে এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিনের ছুটিতে যেতে পারত দলটি। কিন্তু সেই ম্যাচেই যে উল্টো ২-১ গোলে হেরে গেল সিটি।ম্যাচের কিছুক্ষণ আগে ক্লাবের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছেন তেভেজ। জানিয়েছেন, সিটি ছেড়ে যাচ্ছেন না। সমর্থকদের আনন্দে ভাসিয়ে এভারটনের বিপক্ষে তিনি খেলতে নামলেন ফুরফুরে মেজাজে। কিন্তু ৪ মিনিটের মধ্যেই সিটির স্বস্তি আর তেভেজের ফুরফুরে মেজাজ উড়ে যেতে শুরু করে। টিম কাহিলের গোলে পিছিয়ে পড়ে সিটি। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেইটন বেইনেস। এভারটনের অ্যানিচেবেকে ৬০ মিনিটে দুই হলুদ কার্ডের খাড়ায় পড়ে মাঠ ছাড়তে হয়। ম্যান সিটি ব্যবধান কমায় এরপর। তবে ৭২ মিনিটে সিটির ব্যবধান কমানো গোলটি সিটির কারও করা নয়। এভারটনের আত্মঘাতী গোল।যেভাবেই হোক, ব্যবধান কমার পর সিটি ভালোই চাপ তৈরি করেছিল এভারটনের ওপর। কিন্তু তাদের কঠিন রক্ষণ দেয়াল আর ভাঙতে পারেনি। ভাঙল সিটির টানা অপরাজিত থাকার (৭ ম্যাচ পর) দৌড়। ম্যান সিটির রাতটি আরও দুর্বিষহ হয়েছে অন্তিম মুহূর্তে কোলো তোরের বহিষ্কারে।তবে এই হতাশা গোপন করে কোচ রবার্তো মানচিনি তেভেজের মত বদলানোটাকেই বড় করে দেখতে চাইছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ খবর। আজ (সোমবার) সন্ধ্যার একমাত্র ভালো খবর। সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ। দলের জন্য, ক্লাবের জন্য এবং তেভেজের জন্য।’ এএফপি।