শেষ পর্যন্ত আফ্রিদিই
গত দিন পনেরো অধিনায়ক নিয়ে তুমুল বিতর্ক আর আলোচনার সমাপ্তি টেনে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদিকেই দেওয়া হয়েছে বিশ্বকাপের নেতৃত্বভার। পিসিবি কাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদির নাম ঘোষণা করেছে। মিসবাহ তার সহকারী হিসেবে কাজ করবে।’ পিসিবির সভাপতি ইজাজ বাট জানিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্ট, নিউজিল্যান্ড সফররত খেলোয়াড়—সবার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করেছি। এ সিদ্ধান্তের পেছনে অবদান আছে সবার।’আইসিসির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করে পাকিস্তান। কিন্তু অধিনায়ক কাকে করা হবে, সেটি ঠিক করে উঠতে পারছিল না। আফ্রিদির অধিনায়কত্ব সমালোচিত হচ্ছিল একটি মহলের কাছে। অবিবেচনাপ্রসূত শট খেলে উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় আফ্রিদির মধ্যে, একে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন অনেক সাবেক। পরাজয়ের পর সতীর্থদের সরাসরি সমালোচনা করতেন এই অলরাউন্ডার, এ ব্যাপারটা ড্রেসিংরুমে একটা অস্বস্তিও তৈরি করত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত টেস্ট সিরিজে সফল নেতৃত্ব দেওয়ায় এই জায়গাটিতে বেশি নম্বর পাচ্ছিলেন মিসবাহ-উল হক। পিসিবি এ কারণেই হয়তো ওয়ানডেতে দুজনের পারফরম্যান্সটা দেখে নিতে চাইছিল। তাই ১৫ সদস্যের দল দেওয়ার সময় বলা হয়, অধিনায়কের নাম পরে ঘোষণা করা হবে। তবে এই বিলম্বে সাবেক ক্রিকেটারদের অনেকেই পিসিবির সমালোচনা করেছেন। কেউ মিসবাহকে সমর্থন করেছেন, কেউ করেছেন আফ্রিদিকে। কোচ ওয়াকার ইউনুসের ভোটটি অবশ্য পড়েছিল আফ্রিদির ব্যালটেই। সংবাদমাধ্যম জরিপ পর্যন্ত চালিয়েছে। সেখান থেকেও এসেছে নানা মত। এসব আবার পাকিস্তান দলকে বিভক্ত না করে দেয়!তবে বিশ্বকাপ অধিনায়কত্বের দৌড়ে থাকা দুই প্রার্থীই সম্প্রতি নির্মোহ মতামত ব্যক্ত করেন। আগে বিশ্বকাপ অধিনায়কত্বের প্রতি খুবই আগ্রহ দেখানো আফ্রিদি জানিয়ে দেন অধিনায়কত্ব নিয়ে কোনো লোভ-টোভ নেই তাঁর, ‘দলকে কে নেতৃত্ব দিল—আমি না মিসবাহ, সেটা কোনো ব্যাপারই নয়। আমরা দুজনই দেশের জন্য খেলছি। আর আমার অধিনায়কত্ব নিয়ে হা-হুতাশ নেই।’ মিসবাহ প্রশংসা করেন আফ্রিদির, ‘আফ্রিদি অধিনায়ক হিসেবে দারুণ করেছে। দলটাকে সে এক সুতোয় বেঁধে রাখতে পেরেছে। প্রতিটি খেলোয়াড়ই দলের জন্য সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করছে।’ সব মিলিয়ে ঘটনার গতি-প্রকৃতি যা ছিল তা থেকেই হয়তো পিসিবি আফ্রিদির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারল। তা ছাড়া বিশ্বকাপ দরজায় কড়া নাড়ার পর্যায়েও নেই, রীতিমতো কাড়া-নাকাড়া বাজানোর পর্যায়েও চলে এসেছে। একজনকে অধিনায়ক ঘোষণা করতেই হতো, শিগগিরই।পাকিস্তানের অধিনায়কত্ব আফ্রিদি পেয়েছেন ২০০৯ সালের সেপ্টেম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন জয়। আজ ভোরে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগে পর্যন্ত দলকে ২০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৯টি, হেরেছেন ১০টি, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।অধিনায়ক হিসেবে আফ্রিদির জয়-পরাজয়ের রেকর্ডটাকে খুব খারাপ বলা যাবে না। অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং পারফরম্যান্সও ভালো। ২০ ম্যাচে ৩৩.৩৩ গড়ে ৬০০ রান করেছেন। যেখানে ক্যারিয়ারে ৩১১ ম্যাচে ২৩.৮৬ গড়ে করেছেন ৬ হাজার ৫৩৯ রান। ক্যারিয়ারের সর্বোচ্চ রানের (১২৪) ইনিংসটিও আফ্রিদি খেলেছেন অধিনায়ক হওয়ার পর। এএফপি, ওয়েবসাইট।