অনিশ্চয়তা দূর। এশিয়ান কন্টিনেন্টাল দাবায় শেষ পর্যন্ত যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে আজ শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা আজ ঢাকা ছাড়ছেন। প্রতিযোগিতার সেরা পাঁচ দাবাড়ু আজারবাইজানে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ দাবায় সুযোগ পাবেন। সেদিক থেকে এটি বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতাও।
অবশ্য এশিয়ান জোনাল দাবার পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জিয়া ও লিজা সরাসরি খেলবেন বিশ্বকাপে। বাকিরাও চান বিশ্বকাপের টিকিট পেতে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত যাওয়া নিয়ে গত কয়েক দিন দাবা ফেডারেশনে একটা নাটকই হলো। জিয়া, লিজাকে সব সুযোগ-সুবিধাই দেওয়ার কথা আয়োজকদের। বাকি দুই দাবাড়ুকে নিজস্ব খরচে পাঠানোর প্রতিশ্রুতি বেশ আগেই দিয়েছিল ফেডারেশন। অথচ তাঁদের শুধু বিমানের যাতায়াত টিকিট দিয়েই দায় সারতে চেয়েছিলেন কর্মকর্তারা।
কিন্তু শুধু বিমান টিকিট নিয়ে যেতে চাননি রাকিব। তাঁর প্রশ্ন, বাকি খরচ দেবে কে? শেষ মুহূর্তে তড়িঘড়ি করে সমস্যা সমাধানে এগিয়ে আসেন ফেডারেশনের এক সহসভাপতি। কাল রাকিব বলছিলেন, ‘আমি যেতে চাইনি শুনে এক কর্মকর্তা জানালেন, আপাতত তোমরা নিজেদের খরচে খেলে এসো। এরপর দেশে এলে টাকাটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এ মুহূর্তে আমরা স্পনসর জোগাড় করব নাকি খেলার কথা ভাবব?’
রাজীবও আছেন দুশ্চিন্তায়, ‘গত অলিম্পিয়াডের আগে এক মাস টিভিয়াকভের কাছে অনুশীলনের পর আর সেভাবে অনুশীলনে নেই আমি। সব সমস্যা কাটিয়ে আরব আমিরাত যেতে পারলেও কতটা ভালো করব বুঝতে পারছি না।’
বিশ্বকাপের বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় যেতে গ্র্যান্ডমাস্টারদেরই যদি কাঠখড় পোড়াতে হয়, তাহলে প্রশ্ন আসে ফেডারেশন করছেটা কী?