শেষ পর্যন্ত কি সিটিই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষের বাঁশি বাজতেই এদিক-ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজলেন। ম্যাচ অফিশিয়ালদের একজনের বাড়িয়ে দেওয়া হাতটা ধরলেন পরম অনাগ্রহে। মনে হচ্ছিল, প্রথম করমর্দন আর প্রথম অভিনন্দনটা বিশেষ একজনের কাছেই চাইছেন রবার্তো মানচিনি। অবশেষে কাঙ্ক্ষিত ভদ্রলোকের দেখা পেতেই আকর্ণ বিস্তৃত হাসি। অ্যালেক্স ফার্গুসনের বাড়িয়ে দেওয়া হাতটি চেপে ধরে বাঁকা হাসিতে কী যেন বললেন। ফার্গি কোনো উত্তর না দিয়ে গটগট করে হেঁটে গেলেন টানেলের দিকে। মানচিনি হয়তো বলছিলেন, ‘কী, কেমন দেখালাম!’সোমবার ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচে দুজনের মধ্যে লেগে গিয়েছিল ভীষণ। নিকট অতীতে ফার্গুসনকে এভাবে তেড়ে আসতে দেখা যায়নি। মানচিনিও ডাগ-আউটে যথাসম্ভব ভদ্রবাবুটি হয়েই থাকেন। কিন্তু মহারণের মহা উত্তাপ সাইডলাইনেও ছড়িয়েছিল। শেষে চতুর্থ রেফারি আর দুই ক্লাবের কর্মকর্তারা এগিয়ে এসে দুজনের মাঝখানে দেয়াল তুলে দাঁড়িয়েছিলেন বলে রক্ষা। শেষ হাসিটা অবশ্য মানচিনিই হাসলেন। প্রথমার্ধের শেষ প্রান্তে ভিনসেন্ট কোম্পানির হেডে জিতেছে সিটি (১-০)। গত দুই বছরে এ নিয়ে মাত্র দুটি গোল বেলজিয়ান ডিফেন্ডারের। এর মধ্যে এই একটি গোলের কারণে হয়তো অনেক দিন স্মরণীয় হয়ে থাকবেন। সিটির অধিনায়কের এই একটা গোলই ৪৪ বছর পর লিগ শিরোপা জেতাতে পারে সিটিকে। আর দুটি ম্যাচ। এর মধ্যে রোববারের ম্যাচটি কঠিন। পয়েন্ট টেবিলের পাঁচে থাকা নিউক্যাসল ইউনাইটেডের মাঠে গিয়ে খেলতে হবে। ১৩ মে মৌসুমের শেষ ম্যাচটি অবনবন অঞ্চলের ঠিক ওপরে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে। এই দুই ম্যাচ জিতলেই প্রায় অর্ধশতাব্দী পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা! পরশুর জয় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। দুই দলেরই পয়েন্ট এখন ৮৩। গোল ব্যবধানে ইউনাইটেডের (৫৩) চেয়ে এগিয়ে আছে সিটি (৬১)। সোয়ানসি সিটি আর সান্ডারল্যান্ডের বিপক্ষে ইউনাইটেডের শেষ দুটি ম্যাচ। এই দুটি জেতার পাশাপাশি ফার্গুসনের দলকে এখন তাকিয়ে থাকতে হবে সিটির ম্যাচের দিকেও। সোমবার ম্যাচ শেষে ফার্গুসন স্বীকার করে নিয়েছেন, নাটাই এখন সিটির হাতে, ‘আমাদের জন্য এটা ছিল বাজে একটা ফল। ওরাই এখন চালকের আসনে বসে গেল।’গতবার সিটিকে এফএ কাপ জেতানোর পর মানচিনি আরাধ্য লিগ শিরোপাও হয়তো আনতে যাচ্ছেন। ইতালিয়ান কোচ অবশ্য সতর্ক, ‘কাজ এখনো শেষ হয়নি। আমরা যদি ধরে নিই, কাজ হয়ে গেছে, মস্ত বড় ভুল হবে। এখন শীর্ষে থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ১৩ মের পরও শীর্ষে থাকা।’ম্যাচ শেষে দুই কোচকেই ব্যাখ্যা দিতে হয়েছে একে অন্যের দিকে এভাবে অশোভনভাবে তেড়ে যাওয়ার ব্যাপারে। মানচিনিই ফার্গুসনের কাঠগড়ায়, ‘পুরো ম্যাচেই ও রেফারি আর চতুর্থ কর্মকর্তাকে উত্ত্যক্ত করেছে। এই সপ্তাহেও ও রেফারিং নিয়ে প্রশ্ন তুলে গেছে। কিন্তু এটা নিয়ে ও কোনো অভিযোগ করতে পারে না।’ মানচিনি অবশ্য বিষয়টিকে বেশি পাত্তা দেননি, ‘আমি চতুর্থ কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি তখন আমাকে কিছু বললেন। আমিও জবাব দিলাম। এটা সেখানেই শেষ হয়ে গেছে।’ এএফপি, রয়টার্স।