শেষ পর্যন্ত চার দিনেই শেষ কেপটাউন টেস্ট। তিন ম্যাচের সিরিজের সব উত্তেজনাও শেষ দ্বিতীয় ম্যাচের পরই। দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজটাও জিতে নিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এটা টানা ষষ্ঠ সিরিজ জয়।দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়ে স্বাগতিকদের ১৮২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। লক্ষ্যটা ছোট কিন্তু পাকিস্তানকে সাহস দিচ্ছিল নিউল্যান্ডসের ইতিহাস। এই মাঠে ১৮০ রানের বেশি তাড়া করে জয়ের উদাহরণ ছিল মাত্র চারটি। ৮৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তান সম্ভাবনাও জাগিয়েছিল। চতুর্থ উইকেটে আমলা-ডি ভিলিয়ার্সের ৬২ রানের জুটিতেই শেষ সেই সম্ভাবনা। পাকিস্তানের সান্ত্বনা একটাই, এই ইনিংসেও ৪ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট পেয়েছেন সাঈদ আজমল। এর আগে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যে শব্দটা সবচেয়ে বেশি মানায় সেই অননুমেয় ব্যাটিংই উপহার দিল দলটি। ৩ উইকেটে ১০০ রান নিয়ে দিন শুরু করা মিসবাহ-আজহাররা শুরুতেই ঢুকে গেলেন খোলসে। প্রথম ৮ ওভারে এল মাত্র ১৪। নবম ওভারের দ্বিতীয় বলে রবিন পিটারসনের বলে অধিনায়কের বিদায়ের পর আসাদ শফিককে নিয়ে আজহারের প্রতিরোধ। ম্যাচের তৃতীয় ইনিংসটাই যেন সবচেয়ে ভালো খেলেন এই আজহার। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের একমাত্র ফিফটিটি করেছেন, টেস্টের তৃতীয় ইনিংসে এই নিয়ে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশের বেশি রান পেলেন।৪ উইকেটে ১৪৭। এরপরই এলোমেলো পাকিস্তানের ব্যাটিং। ফিল্যান্ডারের বলে শফিকের বোল্ড দিয়েই শুরু। এরপর ১৫২ রানেই পর পর ৩ বলে পড়ল ৩ উইকেট। তবে কোনো হ্যাটট্রিক হয়নি। বোকার মতো পিটারসনের ওভারের শেষ বলটি ছেড়ে দিয়ে বোল্ড সরফরাজ। পরের ওভারের প্রথম দুই বলেই ফিল্যান্ডার ফেরালেন আজহার ও গুলকে। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়েই গুলকে ‘চশমা’ উপহার দিয়েছেন আলভিরো পিটারসেন। প্রথম ইনিংসের মতো এবারও চেষ্টা করেছিলেন তানভীর আহমেদ, কিন্তু পাকিস্তান অলআউট ১৬৯ রানেই। এএফপি, ওয়েবসাইট।