শেষ পর্যন্ত জার্মানিতেই গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবারই তিনি ইংলিশ ফুটবলে কাজ করার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। কাল বুধবার তিনি চুক্তি করলেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বিখ্যাত ক্লাবগুলোর হাতছানি উপেক্ষা করে বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা শেষ পর্যন্ত আস্তানা গাড়লেন মিউনিখে। বিশ্বের অন্যতম সেরা ও সেলিব্রেটি এই কোচকে নিয়ে অবশেষে সাঙ্গ হলো সব ধরনের জল্পনা-কল্পনার।৪১ বছর বয়সী গার্দিওলার সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তিটা তিন বছরের। বায়ার্নের কোচ হিসেবে গার্দিওলা মিউনিখে থাকবেন ২০১৬ সাল পর্যন্ত। এ বছরের জুন মাসে বায়ার্নের বর্তমান কোচ ৬৭ বছর বয়সী ইয়ুপ হেইঙ্কসের চুক্তির মেয়াদ শেষ হলে তিনি দায়িত্ব নেবেন জার্মানির এই ঐতিহ্যবাহী দলের। জার্মান ফুটবলের সঙ্গে শুরু হবে গার্দিওলার নতুন জীবন।বার্সেলোনাকে গত চার বছরে অন্য জগতের দল বানিয়ে দেওয়া এই স্প্যানিশ কোচ গত মৌসুম শেষে কাতালানদের দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন স্বপ্রণোদিত ‘নির্বাসনে’। নির্বাসনটা ছিল তাঁর বিশ্রামের প্রয়োজনে। বিশ্রাম শেষে তিনি আবার ফুটবলে ফিরবেন, তাই পরের অ্যাসাইনমেন্টটা তাঁর কী হতে যাচ্ছে, তা নিয়ে গত এক বছরে জল্পনা-কল্পনার কোনো কমতি ছিল না। কয়েকটি জাতীয় দলও তাঁকে কোচ হিসেবে পেতে চেয়েছিল। ইউরোপের বড় ক্লাবগুলোর কোচের চেয়ারে তাঁকে বসিয়ে বিভিন্ন মিডিয়াও তৈরি করেছিল অনেক গল্পের। কিন্তু শেষ পর্যন্ত গার্দিওলা জার্মান ফুটবলকেই বেছে নিলেন তাঁর পরবর্তী কর্মক্ষেত্র হিসেবে। গার্দিওলাকে কোচ করার লড়াইয়ে পেছনে পড়ে গেল ইউরোপের অনেক বাঘা বাঘা ক্লাব।ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই—এ নামগুলো টাকার থলে নিয়ে ছুটেছিল পেপ গার্দিওলার পেছনে। খবর বেরিয়েছিল, চেলসি তাদের ধনকুবের মালিক রোমান আব্রামোভিচের তাঁর প্রতি আগ্রহের কথা। কিন্তু অন্তবর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজের উপস্থিতিতে তাঁর স্ট্যামফোর্ড ব্রিজে কোচের চাকরি নেওয়ার কোনো সুযোগ শেষ অবধি তৈরি হয়নি।গার্দিওলার সঙ্গে চুক্তি সম্পন্ন করে উচ্ছ্বসিত বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেছেন, ‘পেপ গার্দিওলা এই মুহূর্তে বিশ্বের সেরা কোচ। আমি নিশ্চিত তাঁর বায়ার্নের দায়িত্বে আসা কেবল এই ক্লাবের ফুটবলকেই অন্যমাত্রা নিয়ে যাবে না, তাঁর ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠবে গোটা জার্মান ফুটবলই।’কোচ হিসেবে তিনি যত বড় তারকা, খেলোয়াড় গার্দিওলা ছিলেন ততটাই পর্দার অন্তরালে। দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলেছেন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে কখনোই তুলে ধরতে পারেননি। ২০০১ সালে স্পেন ছাড়ার আগ পর্যন্ত তিনি বার্সেলোনা সিনিয়র দলের হয়ে ৪৭২টি ম্যাচে অংশ নিয়েছিলেন। ২০০১ সালে স্পেন ছেড়ে তিনি চলে যান ইতালিতে। সেখানে ব্রেসিয়া ও রোমার হয়ে কিছুদিন খেলেন। খেলেছেন কাতার ও মেক্সিকোতেও। ২০০৬ সালের নভেম্বরে তিনি বিদায় জানান তাঁর খেলোয়াড়ি জীবনকে।২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের কোচের দায়িত্ব পান। এক বছর যেতে না যেতেই ফ্রাঙ্ক রাইকার্ডের উত্তরসূরি হয়ে বনে যান বার্সেলোনার কোচ। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তাঁর অধীনেই বার্সেলোনা পরিণত হয় অন্যগ্রহের এক দলে। তিনি সেখানে উপভোগ করেন সাফল্যমণ্ডিত চারটি বছর। স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, ইউরোপীয় কাপ উইনার্স কাপ—তাঁর প্রশিক্ষণে কোনো শিরোপাই বার্সেলোনার ঘরে উঠতে বাকি ছিল না। কেবল শিরোপা জয়ের জন্যই বার্সেলোনার সমর্থকেরা তাঁকে মনে রাখবেন না, মনে রাখবেন একটি অসাধারণ দল তৈরি করার জন্যই। তিনি এক সুতোয় গাঁথেন লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তার মতো বিশ্ব সেরা ফুটবলারদের। বার্সেলোনাকে হাঁটান ‘সর্বকালের অন্যতম সেরা দল’ হওয়ার মর্যাদাপূর্ণ পদযাত্রায়। পেপ গার্দিওলার এসব কীর্তি তাঁকে করে তোলে বিশ্বক্লাব ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা কোচে। তাঁর জীবনবৃত্তান্ত হয়ে ওঠে পৃথিবীর তাবত ফুটবল কোচদের সেরা পাঠ্যে। কাড়াকাড়ি পড়ে যাওয়া এই জীবনবৃত্তান্ত শেষ পর্যন্ত স্থায়ী জায়গা করে নিল বায়ার্ন মিউনিখের কার্যালয়ে। পেপ গার্দিওলাও নিজের সুনাম অক্ষুণ্ন রাখার অভিপ্রায়ে চলে এলেন জার্মানিতে। তিনি সফল হবেন কি না, সেটা ভবিষ্যতের জন্যই তোলা রইল। পেপ-ভক্তদের কায়মনো প্রার্থনা। পেপ সফল হবেনই।