শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বড় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ আজমল ও ইউনিস খান, এক ফ্রেমে পাকিস্তানের জয়ের দুই স্থপতি । এএফপি
সাঈদ আজমল ও ইউনিস খান, এক ফ্রেমে পাকিস্তানের জয়ের দুই স্থপতি । এএফপি

সাড়ে তিন দিন...।
কাল হারারে টেস্টের শেষে সংবাদ সম্মেলনে ঘুরেফিরে বারবার এল তিনটি শব্দ—সাড়ে তিন দিন। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক বললেন, বললেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাও। বলারই কথা, ম্যাচের প্রথম সাড়ে তিন দিনে একচ্ছত্র আধিপত্য করেও যে শেষ দিনের বর্ধিত প্রথম সেশনেই হেরে গেল জিম্বাবুয়ে। হারল শোচনীয়ভাবেই, ২২১ রানে। পাকিস্তানি স্পিনারদের ঘূর্ণিবলে দিশেহারা হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানেই শেষ স্বাগতিকেরা।চতুর্থ দিনে করা ইউনিস খানের অপরাজিত ডাবল সেঞ্চুরিই আসলে হারিয়ে দিল জিম্বাবুয়েকে। ওই ইনিংসেই চার শ পেরোনো পাকিস্তান ৩৪১ রানের লিড নিয়ে ঘোষণা করে ইনিংস। ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতে যাবে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের পাঁড় সমর্থকেরাও এই বাজি ধরেছেন কিনা সন্দেহ। ১ উইকেটে ১৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা দলটি মাটি কামড়ে কোনোমতে শেষ দিনটা কাটিয়ে দিতে পারে কি না দেখার ছিল সেটাই। দিনের ষষ্ঠ বলেই জুনাইদের শর্ট বলে গালিতে ক্যাচ দিয়ে হ্যামিল্টন মাসাকাদজা অবশ্য বুঝিয়ে দিলেন, তাদের কাছ থেকে বেশি আশা করা বৃথা। লাঞ্চের নির্ধারিত সময়ে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ফেলায় পিছিয়ে দেওয়া হয় লাঞ্চ।দিনের প্রথম দুটি উইকেট পেসার জুনাইদ খানের। পরের তিনটি বাঁহাতি স্পিনার আবদুর রেহমানের। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া অফ স্পিনার সাঈদ আজমল জিম্বাবুয়ের লেজ মুড়ে দিয়ে পেয়ে যান টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ১০ উইকেট। পাকিস্তানও পেয়ে যায় হোয়াটমোর-পর্বে প্রথম টেস্ট জয়। ২০১২ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম টেস্ট জিতল পাকিস্তান। মাঝের সময়টায় খেলা ছয় টেস্টের চারটিতেই হেরেছে পরের মাঠকে ঘরের মাঠ বানিয়ে খেলতে বাধ্য হওয়া দলটি।শেষ পর্যন্ত সহজ জয়, ইউনিস খানকে প্রাপ্য সম্মান দিয়ে মিসবাহ বললেন একই ভেন্যুতে পরের টেস্টে শুরু থেকেই নিয়ন্ত্রণ রাখতে চান নিজেদের হাতে, ‘সাড়ে তিন দিন ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জিম্বাবুয়ের। ইউনিস একটা ম্যাচজয়ী ইনিংস খেলেছে। ম্যাচের ভাগ্য ঘুরেছে ওতেই। আমাদের (পরের ম্যাচে) শুরু থেকেই নিখুঁত খেলতে হবে।’

জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা পরের টেস্টে যেতে চান এই ম্যাচের সুখস্মৃতি নিয়েই, ‘ইতিবাচক দিকগুলোর দিকেই তাকাতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি ও এগিয়ে ছিলাম সাড়ে তিন দিন। বোলাররা সত্যিই ভালো করেছে, প্রথম ইনিংসে নিজেদের চিনিয়েছে ব্যাটসম্যানরা।’ এএফপি, ক্রিকইনফো।