শেষ পর্যন্ত ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের না হয় জয়ের তাড়া ছিল না, কিন্তু মোহাম্মদ হাফিজের? ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা সময় কাটানো পাকিস্তানি ব্যাটসম্যান যে সেঞ্চুরি থেকে মাত্র ২০ রান দূরে থেকে গেলেন। জিততে হলে করতে হবে ৩০২ রান, ৬৭ ওভার। আবুধাবি টেস্টে পাকিস্তান হাঁটল নিরাপদ পথেই। ৫২ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তোলার পরই ড্র মেনে নিল দলটি। হাফিজকে অবশ্য কোনো আক্ষেপ করতে শোনা যায়নি। দল যে বিন্দুমাত্র শঙ্কায় পড়েনি তাঁর ব্যাটিংয়েই।
হাফিজকে দারুণ সঙ্গ দিয়েছেন অভিষিক্ত ওপেনার আহমেদ শেহজাদও। ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৪ রানে অন্য ওপেনার খুররম মনজুরকে হারিয়ে ফেলার পর দ্বিতীয় উইকেটে হাফিজ-শেহজাদ জুটি যোগ করেছেন ১০১ রান। হাফিজের এটা নবম হাফ সেঞ্চুরি, ১১ টেস্ট ইনিংসে প্রথম।
জয় পায়নি শ্রীলঙ্কা, তবে ড্রই-বা কম কিসে তাদের জন্য! প্রথম ইনিংসে ১৭৯ রানে পিছিয়ে পড়া দলটিকে তৃতীয় দিনেও যে চোখ রাঙাচ্ছিল পরাজয়। চতুর্থ দিনে চান্ডিমাল, ম্যাথুস ও প্রসন্ন জয়াবর্ধনের ব্যাটিংয়ে ম্যাচে ফেরা দলটি উল্টো চাপে ফেলে দেয় পাকিস্তানকে। আগের দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পাওয়া অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস কাল তাঁর ইনিংসটাকে টেনে নিয়ে গেছেন ১৫৭ রানে। এক বছর পর দলে ফেরা উইকেটকিপার-ব্যাটসম্যান প্রসন্নও পেয়েছেন ফিফটি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ১৫৬ রান যোগ করার পরই ইনিংস ঘোষণা করেন ম্যাথুস।
ম্যাচ বাঁচানো ইনিংস খেলে ম্যাচসেরা ম্যাথুস, লঙ্কান অধিনায়ক খুশি ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচাতে পেরেই, ‘ফল নিয়ে আমি খুশি। আশা করছি, সিরিজে এভাবেই খেলতে পারব। তৃতীয় দিন শেষে বিব্রতকর অবস্থায় ছিলাম। তবে ভালো ব্যাটিং করে ড্র করতে পেরে আমি খুশি।’ এএফপি, ক্রিকইনফো।
৮ জানুয়ারি দুবাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।