শেষ পর্যন্ত তৃতীয় সিদ্দিকুর
সিদ্দিকুরের এখন আফসোস হতে পারে প্রথম দুই রাউন্ডে বাজে খেলার জন্য। ওই দুই রাউন্ডের জন্যই তো কাছাকাছি এসেও জেতা হলো না দ্বিতীয় পেশাদার শিরোপা। তবে যেটা করেছেন, সেটাও বা কম কী! দ্বিতীয় রাউন্ড শেষে যে সিদ্দিকুর ছিলেন ৫২-তে, সেই সিদ্দিকুরই অসাধারণ প্রত্যাবর্তনে হলেন তৃতীয়। মালয়েশিয়ার ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস সেলাঙ্গর ওপেন শেষ দুই দিন দেখল বাংলাদেশি সেরা গলফারের আসল খেলা। তৃতীয় দিনের মতো কালও পারের চেয়ে ৬ শট কম খেলেছেন। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলা সিদ্দিকুরের সমান শট খেলে তৃতীয় আরও দুজন, ভিয়েতনামের মাইকেল ট্রান ও স্পেনের জাভি কোলোমো। চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান রেকর্ড গড়া থওরন বিরাটচান্ত খেলেছেন পারের চেয়ে ১৬ শট কম। চতুর্দশ শিরোপা জিতে স্বদেশি থংচাই জেইডিকে পেছনে ফেলেছেন থাইল্যান্ডের এই গলফার। রানার্সআপ হয়েছেন ভারতের গগনজিত ভুল্লার (-১৩)। পারের সমান ২৮৮ শট খেলে বাংলাদেশের অপর গলফার জামাল হোসেন হয়েছেন ৪৪তম। কাল খেলা শেষে প্রথম দুই দিনের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেছেন সিদ্দিকুর, ‘আমার জন্য দারুণ এক রাউন্ড গেল। প্রথম দুই দিন জেটল্যাগের (গত সপ্তাহে সুইজারল্যান্ডে ছিলেন) জন্য কিছুটা ক্লান্ত ছিলাম। শেষ দুই দিনে আমার পাটিং সত্যিই ভালো হয়েছে।’ তথ্যসূত্র: ওয়েবসাইট।