শেষ পর্যন্ত নাভিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হকি দলের জন্য একজন বিদেশি কোচ খুঁজে পেতে গলদঘর্ম হকি ফেডারেশনকে হয়তো উদ্ধার করলেন পাকিস্তানের নাভিদ আলম। কোচই খুঁজে পাচ্ছিল না ফেডারেশন! ভারতের অজয় বানসাল, এম কে কৌশিক, হারিন্দর ও রাজিন্দর সিংয়ের পেছনে ছোটাটা নিষ্ফল হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানে খুঁজে একটু স্বস্তি মিলেছে। সব ঠিক থাকলে পাকিস্তানের নাভিদ আলম হতে যাচ্ছেন বাংলাদেশ হকি দলের নতুন বিদেশি কোচ।

কোচ নিয়োগের ব্যাপারটা সমন্বয় করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ। ফেডারেশনের নির্বাহী কমিটি ও নির্বাচক কমিটির এই সদস্য কাল জানিয়েছেন, ‘নাভিদ আলমকে আমরা নিয়োগ দেব, এটা চূড়ান্ত। আপাতত ছয় মাসের চুক্তি হবে তাঁর সঙ্গে। পরে চুক্তি নবায়ন হতে পারে। সব ঠিক থাকলে সপ্তাহ খানেকের মধ্যে তিনি ঢাকা আসবেন আশা করছি।’

নাভিদ আলম পাকিস্তান জাতীয় দলে খেলেছেন। খেলা ছেড়ে জাতীয় দলের কোচও হয়েছেন এই ডিফেন্ডার। চীনের জাতীয় দলের কোচ ছিলেন বছর পাঁচেক। হল্যান্ড ও বেলজিয়ামে ক্লাব কোচিং করিয়েছেন।