শেষ পর্যন্ত পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ। এ মাসেই অনুষ্ঠিত হবে বহু আলোচিত এই সফর। আজ রোববার দুবাই অনুষ্ঠানরত আইসিসির কার্যনির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশ পাকিস্তানকে এই সফরের ব্যাপারে নিশ্চিত করে। এই সফর অবশ্য সংক্ষিপ্তই হচ্ছে। এতে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ২৯ এপ্রিল ওয়ানডে ও ৩০ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটো খেলাই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।এই সফরের ব্যাপারে আইসিসি অবশ্য পাকিস্তানকে নিরাপত্তা পরিকল্পনা-বিষয়ক পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আইসিসি সিদ্ধান্ত নেবে, সেখানে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল তারা পাঠাবে কি না।আইসিসি নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল পাঠাক বা না পাঠাক এই সফর হচ্ছেই। ব্যাপারটি নিশ্চিত করেছেন দুই বোর্ড প্রধানও। এ ব্যাপারে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পাকিস্তানের মানুষ দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত ছিল। আমরা তাদের প্রতি সমব্যথি হয়েছি। আমি নিরাপত্তা পরিস্থিতি দেখতে যখন লাহোর ও করাচি যাই, তখন আমাকে স্বাগত জানানো হয়েছিল তা অভূতপূর্ব।’পিসিবি সভাপতি জাকা আশরাফ তিন বছর বাদে পাকিস্তানের সফরে সম্মত হওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ২০০৯ সালের মার্চে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে বন্দুকধারীরা হামলা চালায়। এই হামলায় কয়েকজন নিহত হন। এতে শ্রীলঙ্কান কয়েকজন ক্রিকেটার আহত হন। হামলার পরপরই বিশেষ ব্যবস্থায় দেশে ফিরে যায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। এর পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একপ্রকার নিষিদ্ধই। ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে অন্যতম আয়োজক হিসেবেও পাকিস্তানের নাম কাটা পড়ে।