শেষ পর্যন্ত পারল না ‘ছোটরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পর ওল্ড ট্রাফোর্ডে নিজের ২৬তম বার্ষিকী পূর্ণ করবেন অ্যালেক্স ফার্গুসন। শোনা কথা, গুরুকে দেওয়ার জন্য বিশেষ উপহারের সন্ধানই নাকি করছেন শিষ্যরা। পরশু অবশ্য মনে হলো, উপহার দিতে চায় পর্তুগিজ ক্লাব ব্রাগাও। উপহার নাকি উপহাস!গতবার চ্যাম্পিয়নস লিগে কঠিন শিক্ষা পেয়েছে এ সময়ের ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার অবশ্য গতবারের শিক্ষা কাজে লাগিয়ে দারুণ শুরু করেছে ফার্গুসনের দল। কিন্তু পরশু অনেকের চোখ কপালে তুলে দিয়ে ইউনাইটেডকে তাদেরই মাঠে ০-২ গোলে পিছিয়ে দিল ব্রাগা! ম্যাচের দ্বিতীয় মিনিটে, ওল্ড ট্রাফোর্ডের সব দর্শক ঠিকমতো নড়েচড়ে বসার আগেই প্রথম গোলটি করেন অ্যালান। ১৮ মিনিট পর দ্বিতীয় গোলটিও ব্রাগা অধিনায়কের। ২০ মিনিটের মধ্যেই ২ গোলে পিছিয়ে ইউনাইটেড।পরশু রাতটা শেষ পর্যন্ত ছোটদের হতে হতেও হবে না বলেই যেন ঠিক করে রেখেছিল ফুটবল-দেবতা। না হলে এমন দুর্দান্ত শুরুর পরও কেন পারবে না ব্রাগা! পারবে না, কারণ ৬ নভেম্বর ফার্গুসনের বর্ষপূর্তির আগে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ম্যাচে দারুণ কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছিল ‘ফার্গি-বেবস’। চিচারিতো হাভিয়ের হার্নান্দেজ বুক চিড়ে দিলেন ব্রাগার—২৫ মিনিটে ব্যবধান কমানো গোলের পর ৭৫ মিনিটের জয়সূচক গোলটিও এই মেক্সিকানের। মাঝখানে ৬২ মিনিটে সমতা ফেরানো গোলটি করেছেন জোনাথন এভান্স।রাতটা ছোটদের হবে না বলেই হয়তো ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জুভেন্টাসের বিপক্ষে ড্র করেছে নরশেলান, সেটিও ৮১ মিনিটে মিরকো ভুচিনিচের গোলে। শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে জর্ডি আলবার গোলে বার্সেলোনার কাছে হেরে গেছে সেল্টিক।বার্সাকে ভয় পাওয়ার কিছুই নেই—এই মন্ত্রই শিষ্যদের কানে পড়ে দিয়েছিলেন সেল্টিক কোচ। সেই সাহস নিয়েই মাঠে ঝাঁপিয়ে পড়া সেল্টিক ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল গিওর্গিস সামারাসের গোলে। কিন্তু দুই অর্ধের শেষ প্রান্তের দুটি গোল সর্বনাশ করেছে সেল্টিকের। প্রথমার্ধের শেষ প্রান্তে সমতা ফিরিয়েছিলেন আন্দ্রে ইনিয়েস্তা। এর পর দ্বিতীয়ার্ধের শেষে আলবার সেই গোল। এই মৌসুমে এবার বেশ কয়েকটি ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিতেছে বার্সা। অনেকটা ইউনাইটেডের মতো! বার্সা অবশ্য এমনিতে খেলেছে দারুণ। সব মিলে ২৮টি শট নিয়েছে, যার ১০টিই ছিল গোলে। ছিল ৮২ শতাংশ বলের দখলও। আটটি সেভ করেছেন সেল্টিকের গোলরক্ষক ফ্রেজার ফরস্টার।অবশ্য রাতটা যে ছোটদের জন্য একেবারেই না-পারার রাত ছিল, তা-ও নয়। পেরেছে শাখতার দোনেৎস্ক। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন চেলসিকে তারা হারিয়ে দিয়েছে নিজেদের মাঠে। ইউক্রেনের দনবাস অ্যারেনায় এদিন লড়াইটা আসলে হয়েছে তিন ব্রাজিলিয়ানের মধ্যে। দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স টিসেরা (৩ মিনিট) আর ফার্নানদিনহোর গোলে (৫২ মিনিটে) ২-০-তে এগিয়ে গিয়েছিল দোনেৎস্ক। আরেক ব্রাজিলিয়ান অস্কারের গোলে ৮৮ মিনিটে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল চেলসি। ইউনাইটেড-বার্সা পারলেও চেলসি অবশ্য শেষ পর্যন্ত পারেনি।প্রথম দুই ম্যাচে লিল আর বায়ার্ন মিউনিখকে হারিয়ে আকাশে উড়তে থাকা বাতে বরিসভকে মাটিতে নামিয়েছে ভ্যালেন্সিয়া। রবার্তো সলদাদোর হ্যাটট্রিকে বেলারুশের ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এই স্প্যানিশ ক্লাব। পেনাল্টি থেকে পাওয়া টমাস মুলারের একমাত্র গোলে লিলকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফলে ‘এফ’ গ্রুপ মাঝপথেই দিচ্ছে জমে ওঠার ইঙ্গিত। বায়ার্ন, ভ্যালেন্সিয়া, বরিসভ—তিন দলেরই পয়েন্ট ৬। এএফপি, রয়টার্স। এক নজরে নরশেলান ১ : ১ জুভেন্টাস শাখতার দোনেৎস্ক ২ : ১ চেলসি বাতে বরিসভ ০ : ৩ ভ্যালেন্সিয়া লিল ০ : ১ বায়ার্ন মিউনিখ স্পার্তাক মস্কো ২ : ১ বেনফিকা বার্সেলোনা ২ : ১ সেল্টিক গ্যালাতাসারাই ১ : ১ ক্লুজ ম্যানচেস্টার ইউনাইটেড ৩ : ২ ব্রাগা