শেষ পর্যন্ত বাণিজ্য মেলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের আন্দোলন সফল। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বাণিজ্য মেলার স্টল তৈরির কার্যক্রম বন্ধ করলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম। গত শনিবার সন্ধ্যায় স্টেডিয়ামে জেলা প্রশাসকের উপস্থিতিতে খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্রীড়া সংস্থার বৈঠকের পর মেলার কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বলা হয়। ফলে গত রোববার থেকে স্টেডিয়ামে মাসব্যাপী মেলা শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি।নোয়াখালী চেম্বারের নির্বাহী কমিটির সদস্য ও মেলা কমিটির আহ্বায়ক মোস্তফা ইকবাল এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা চেয়েছি মেলা আয়োজন করে এর আয়ে জেলা ক্রীড়া সংস্থা ও চেম্বারকে আর্থিকভাবে কিছুটা লাভবান করতে। কিন্তু এ নিয়ে অনেক কথা হয়েছে। এখন আমাদের যদি অনুমতি দেওয়া হয়, তাহলে স্টেডিয়ামে মেলা করব। অনুমতি না পেলে বিকল্প কী করা যায় তা ভাবব।’এদিকে কাল সন্ধ্যায় ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার বৈঠকেও জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করেন। বৈঠকে উপস্থিত একাধিক খেলোয়াড় প্রথম আলোকে জানান, জেলা প্রশাসক বৈঠকে দাবি করেন, গণমাধ্যমে তাঁর বক্তৃতাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।উল্লেখ্য, খেলোয়াড়দের খেলা ও অনুশীলন বন্ধ রেখে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ১ মে থেকে মাসব্যাপী বাণিজ্য মেলার অনুমতি দিতে ২৬ এপ্রিল সিদ্ধান্ত নেওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার সভায়। এর প্রতিবাদে খেলোয়াড়েরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের নানা কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ করেন। জেলা প্রশাসকের নানা মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েওঠে।