শেষ পর্যন্ত বালুর মাঠে টার্ফ বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে আরামবাগ বালুর মাঠে বসতে যাচ্ছে কৃত্রিম টার্ফ। বাধা দূর করতে কাল ফুটবল ফেডারেশন ভবনে আরামবাগ বালুর মাঠ রক্ষা কমিটি ও বাফুফের মধ্যে চুক্তিও হলো।২০০৮ সালের ২৯ মার্চ এই টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাওয়ার পরও সেটির কাজ শুরু করা যাচ্ছিল না এলাকাবাসীর বিরোধিতায়। গত ২৭ জুন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে লেখা এক চিঠিতে কৃত্রিম টার্ফ খুব দ্রুত না বসানো হলে অন্য সব প্রকল্পও বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ফিফা। এর পর বাফুফে আরামবাগের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনার উদ্যোগ নেয়। সেই উদ্যোগের ফলই কালকের এই চুক্তি সই। চুক্তি শেষ করে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমরা অনেক দিনের চেষ্টায় আজকের এই পর্যায়ে পৌঁছেছি। বাংলাদেশ ফুটবলের স্বার্থেই এটা প্রয়োজন।’ আরামবাগবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এখানে টার্ফ বসলেও মাঠটা আরামবাগের লোকজনই ব্যবহার করবে। এই একটা কথা তিন বছর ধরে বলে আসছি যে আমরা এখানে টার্ফ বসানোর মালিক, খেলবে কিন্তু আপনাদের বাচ্চারাই। মুরব্বিরাও হাঁটাচলা করতে পারবেন। তাতে যদি রাত ১২টার সময় ফুটবলারদের জন্য সময় রাখতে হয়, তা-ও সই। তাহলে ওই সময় পারলে ব্যবহার করব, না হলে করব না। কিন্তু তার পরও আমি চাই, টার্ফটা এখানে বসুক।’ সালাউদ্দিন জানিয়েছেন, খুব দ্রুতই মাঠে টার্ফ বসানোর কাজ শুরু হবে।