শেষ পর্যন্ত বিজয়ী ক্রিকেটের 'হাস্যকর' নিয়ম

কল্পনাশক্তিকে বাড়িয়ে একটু চিন্তা করুন তো, এক ম্যাচে ব্যাটিং দল চেষ্টা করছে যতটুকু সম্ভব কম রান নেওয়ার। আর ফিল্ডিংয়ে থাকা দল চেষ্টা করছে, যত বেশি সম্ভব রান দেওয়ার! শুনলেই মনে হচ্ছে, দুই দলই বোধ হয় ম্যাচ পাতাতে নেমেছে! কিন্তু সত্যি হলো, ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতেই এমন অবিশ্বাস্য কিছু দেখা যেতে পারে ক্রিকেটে। আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচে দেখা যেতেই পারত এমন কিছু!
ওয়ানডেতে ম্যাচ শেষ করতে হলে, দুই দলকেই কমপক্ষে ২০ ওভার করে ব্যাট করার সুযোগ দিতে হয়। সে কারণে ২০ ওভারে অস্ট্রেলিয়াকে কত করতে হবে, সেটা আগেই হিসাব করে বের করে রাখা হয়েছিল। কোনো উইকেট না হারালে ২০ ওভারে ৪১ রান করার পর আর খেলা না গেলেও অস্ট্রেলিয়া বিজয়ী ঘোষিত হতো। এমনকি ৪ উইকেট পড়লেও ২০ ওভারে করতে হতো ৬৯!
অস্ট্রেলিয়া যদি ১০ ওভারেই বিনা উইকেটে ৬৯ রান তুলে ফেলে; এরপর বৃষ্টিতে ভেসে যায় ম্যাচ? না, তখনো অস্ট্রেলিয়াকে জয়ী ঘোষণা করা সম্ভব হতো না। এমনকি অস্ট্রেলিয়া যদি ১৯.৫ ওভারে ১৮০ রানও তোলে, তারপর ম্যাচ পুরো ভেসে যায়; তবু ফল পরিত্যক্ত বলেই গণ্য হবে। ২০ ওভার খেলতেই হবে অস্ট্রেলিয়াকে।
ছোট একটা বৃষ্টি-বিরতির পর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামতেই সব সমীকরণ উধাও। বেশ ধীরেসুস্থেই ৪১ কিংবা ৬৯ রান পার করে ফেলল বিশ্বচ্যাম্পিয়নরা। ১৬ ওভারে ১ উইকেটে ৮৩ রান তোলার পর আবারও বৃষ্টির বাগড়া। আবারও সমীকরণ নিয়ে নাড়াচাড়া। তখন জানা গেল যদি ওভার কমে ২০ ওভারে নামিয়ে আনা হয়, তবে অস্ট্রেলিয়ার নতুন লক্ষ্য হবে ১০৯। ২৫ ওভারের ম্যাচ হলে সেটা ১২৭। অস্ট্রেলিয়ার জন্য কোনো লক্ষ্যই খুব কঠিন কিছু নয়। কিন্তু অত দূর যেতে হয়নি, মাঠ পরীক্ষার পর অস্ট্রেলিয়ার নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৬।

কিন্তু আকাশের এক কোণে কালো মেঘ এবং মাঠের অবস্থা দেখে ৪৩ ওভার খেলা সম্ভব বলে মনে হচ্ছিল না। ক্রিকইনফোর আলোচনায় নতুন এক দিক তুলে ধরেন এক পাঠক, অস্ট্রেলিয়ার উচিত হবে কোনো রান নেওয়ার চেষ্টা না করেই চার ওভার কাটিয়ে দেওয়া, যেন ২০ ওভার শেষ হয়ে যায়। ওই চার ওভার খেলা হলে আরও দুই-তিনটি উইকেট পড়লেও কোনো সমস্যা হতো না। ৪ উইকেট পড়ে গেলেও জিততে অস্ট্রেলিয়াকে করতে হতো ৮৫ রান। আর বাংলাদেশের চেষ্টা করা উচিত হবে যত বেশি সম্ভব রান দিয়ে সময় নষ্ট করার। কারণ, যেকোনো সময় বৃষ্টি এসে ম্যাচ বাতিল করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক এমন এক প্রস্তাব আরেক পাঠক করেছেন প্রথম আলোতেও!
অথচ, এমন যদি হতো, অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার ৫ ওভারের সময় বৃষ্টি নেমেছে এবং তখন ২০ ওভারের জন্য কোনো লক্ষ্য দেওয়া হয়েছিল। সেটা ১৬ ওভারেই অস্ট্রেলিয়া পেরিয়ে গেলে ম্যাচ শেষ হয়ে যেত। এবং অস্ট্রেলিয়ার শুরুটা আজ যেমন ছিল, সে অনুযায়ী লক্ষ্যটা ৮৩ রানের কমও হতে পারত। কিন্তু আইনের মারপ্যাঁচে সে ম্যাচই বাতিল হয়ে যেতে দেখল অস্ট্রেলিয়া।
শুরুতে যে অস্বাভাবিক দৃশ্য কল্পনা করতে বলা হয়েছে, শেষ পর্যন্ত তেমন কিছু করা লাগেনি দুই দলকে, মাঠের অবস্থা দেখে এমনিতেই ম্যাচ বাতিল করে দিয়েছেন আম্পায়াররা।