ম্যাচ বাঁচানোর কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পারল না কুক-প্রায়রের ইংল্যান্ড। কাল ২৬.৩ ওভার ব্যাটিং করে আগের দিনের ৩৪০-এর সঙ্গে আর ৬৬ রান যোগ করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪০৬ রানে। ইংলিশরা পায় মাত্র ৭৬ রানের লিড। ৭৭ রানের লক্ষ্যটা মাত্র ১ উইকেট হারিয়েই জয় ছুঁয়ে ফেলেছে ভারত।প্রথম ইনিংসে ৩৩০ রানে পিছিয়ে থেকে ফলোঅন করতে নামা ইংল্যান্ডকে ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিল কুক-প্রায়র জুটি। কিন্তু কাল সকালে এই জুটিকে আর বেশি দূর এগোতে দেননি প্রজ্ঞান ওঝা। বিষফোড়া হয়ে ওঠা এই দুজনকেই ফিরিয়ে ভারতের জয়ের রাস্তাটা উন্মুক্ত করে দেন বাঁহাতি স্পিনার। ওঝা কাল প্রথম আঘাত হানেন ম্যাট প্রায়রকে আউট করে। ৯১ রান করা প্রায়রকে ফিরতি ক্যাচ দিতে বাধ্য করেন।ভারতের জয়ের পথে বড় বাধা হয়েছিলেন যিনি, সেই অ্যালিস্টার কুককেও পরে বোল্ড করেন। তবে তার আগে কুক উইকেটে কাটিয়ে দিয়েছেন ৫৫৬ মিনিট। ভারতের মাটিতে কোনো ইংলিশ ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ সময় উইকেটে থাকার রেকর্ড। সর্বোচ্চ ৫৬৩ মিনিট উইকেটে কাটানোর রেকর্ডটিও একজন বাঁহাতিরই, গ্রায়েম ফাউলার। ১৯৮৫ সালের সেই টেস্টে ইংল্যান্ডই জিতেছিল ৯ উইকেটে। কুকের ১৭৬ ভারতে ফলোঅন করতে নামা ম্যাচে কোন ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১২০ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসেও ভারতের সেরা বোলার ওঝা। প্রথম ইনিংসে ৪৫ রানে নিয়েছিলেন ৫ উইকেট। প্রায়র-কুকের বিদায়েই মূলত ম্যাচ শেষ। পরে ব্রেসনান-সোয়ানরা ম্যাচটিকে যা একটু দীর্ঘায়িতই করেছেন। পুরো দুটি সেশন হাতে থাকলেও ৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয়দের যেন তর সইছিল না। নানি মারা যাওয়ায় দিল্লিতে চলে যাওয়া গৌতম গম্ভীর ফিরে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন কি না জানা যায়নি। শেবাগের সঙ্গে ওপেন করেন পূজারা। উদ্বোধনী জুটি ৯.৫ ওভারেই তুলে ফেলে ৫৭ রান। সোয়ান শেবাগকে ফেরালেও বিরাট কোহলিকে নিয়ে ১৫.৩ ওভারেই কাজ সেরেছেন ম্যান অব দ্য ম্যাচ হওয়া চেতেশ্বর পূজারা। প্রতিশোধের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর, মুম্বাইয়ে। ওয়েবসাইট।