শেষ পর্যন্ত মাশরাফিই জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবালের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার যুদ্ধ লেগে গেলে কেমন হয়? মোহাম্মদ আশরাফুল আর শাহরিয়ার নাফীস যদি নেমে পড়েন সম্মুখ সমরে! কিংবা যে নাঈম ইসলামকে জাতীয় দলে এতটা গুরুত্ব দেন সাকিব আল হাসান, মাঠে যদি সেই নাঈমই চ্যালেঞ্জ ছুড়ে দেন জাতীয় দলের অধিনায়ককে?ডেসটিনি গ্রুপ এনসিএল টি-টোয়েন্টি লিগে তা-ই তো হচ্ছে। জাতীয় দলে এই ক্রিকেটাররা সতীর্থ হলেও এখানে তো একে অন্যের প্রবল প্রতিপক্ষই! প্রতি দলেই বিসিবির নির্বাচকদের নির্বাচিত একজন করে ‘মেগা আইকন’ আছে। আছেন অন্য তারকারাও। দুই দলের লড়াইয়ের মধ্যে তাঁদের ব্যক্তিগত লড়াইটাও এখানে কম রোমাঞ্চকর নয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সকালের ম্যাচটাই যেমন হয়ে গেল তামিম ইকবাল বনাম মাশরাফি বিন মুর্তজা। সুলতানস অব সিলেট ৫ উইকেটে জিতলেও তারায় তারায় যে যুদ্ধ, তাতে মাশরাফি-তামিম প্রায় সমানে সমান। ধুন্ধুমার ব্যাটিংয়ে ৪০ বলে ফিফটি করেছেন তামিম। ব্যক্তিগত ৭৯ আর ৮৬ রানে মাশরাফির বলে দুটি ‘জীবন’ পেয়েও সেঞ্চুরি হয়তো করতে পারেননি, তবে ৮ চার আর ৪ ছক্কায় ৬০ বলে ৯১ রানও কম কী! তামিমের হাতে যেখানে শুধুই ব্যাট, মাশরাফির হাতে যে বল-ব্যাট দুটিই আছে। ইনিংসের শেষ ওভারে তামিমের উইকেটটিসহ ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। পরে ব্যাট হাতেও নাসির হোসেনের এক ওভারে তিন ছক্কাসহ ১৩ বলে ২৬ রান। মাশরাফি শুধু জয়ী দলের অধিনায়কই নন, ম্যান অব দ্য ম্যাচও।পার্শ্ব চরিত্রগুলোর কথা ধরলেও মাশরাফির দলই এগিয়ে। পরপর দ্বিতীয় ম্যাচে উইকেটশূন্য থাকা শোয়েব আখতার কিছুটা যেন বোঝাই হয়ে গেল সাইক্লোনস অব চিটাগংয়ের জন্য। অন্যদিকে সুলতানস অব সিলেটের আইকন ক্রিকেটার অলক কাপালি ঠিকই ৪৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন।মিরপুরের পরের ম্যাচেও তারায় তারায় লড়াই ছিল। তবে ঢাকা ডায়নামাইটসের আশরাফুল আর বরিশাল ব্লেজার্সের শাহরিয়ারের মধ্যে হওয়া এই লড়াইটা চূড়ান্ত ফ্লপ। বরিশালের ৭ উইকেটে করা ১৪৯ রানে অধিনায়ক শাহরিয়ারের অবদান মাত্রই ২। ঢাকার অধিনায়ক আশরাফুল করেছেন ৭ রান। ঢাকা ডায়নামাইটসের ৬ উইকেটে জেতা ম্যাচটাতে লড়াই বরং পার্শ্ব চরিত্রদেরই হলো। তাতে রকিবুল হাসানের ৪০ বলে ৪৩ বা নাজিমউদ্দিনের ২১ বলে ৩৫ রানের ইনিংসগুলো হেরে গেছে ম্যান অব দ্য ম্যাচ শামসুর রহমানের ২৩ বলে ৪১ আর জহুরুল ইসলামের ৩২ বলে ৩৬ রানের ইনিংসগুলোর কাছে।বিকেএসপিতে খুলনা ও রাজশাহীর ম্যাচটা আইকনের বিবেচনায় সাকিব আল হাসান ও নাঈম ইসলামের লড়াই। একরকম সমতাই তাঁদের মধ্যে, তবে ব্যর্থতার দিক থেকে। নাঈম রান করেছেন ৪, উইকেট ১টি। সাকিবের ১ উইকেট, তবে রান ১৪ বেশি। শেষ পর্যন্ত রাজশাহী টানা দ্বিতীয় জয় পেয়েছে বলে জয়ীর হাসি নাঈমের মুখেই।এই ম্যাচে অন্য তারকারাও তো ব্যর্থই। জুনায়েদ করতে পেরেছেন মাত্র ২ রান। ইমরুল কায়েসের ১৯ বলে ৩১ রান হয়তো বলার মতো কিছু, কিন্তু ম্যাচ হেরে যাওয়ার পর সেটা নিয়ে ইমরুলও কি তৃপ্ত? অন্য দুই ম্যাচের সঙ্গে আরেকটা মিল—পার্শ্ব নায়কদের ভূমিকা উজ্জ্বল এখানেও। কিংস অব খুলনার বিপক্ষে ৩৬ রানের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাজশাহী রেঞ্জার্সের পেসার মুক্তার আলীর। তারকাদ্যুতি না থাকলেও এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে সফল তিনিই। ২২ রানে ৫ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি—তারার হাটে অন্যরকম দ্যুতিতে তো জ্বলে উঠলেন মুক্তারই!রাজশাহীর ৯ উইকেটে ১৭৭ রানের জবাবে খুলনাকে তিন বল বাকি থাকতে ১৪১ রানে অলআউট করে দেওয়ায় মুক্তারের কৃতিত্বই সবচেয়ে বেশি। দুই ওপেনার হান্নান সরকার আর এইডেন ব্লিজার্ডের প্রতি কি একটু অন্যায়ই করা হলো? মাত্র ৫ ওভারে ৫৯ রানের ওপেনিং জুটি তো ছিলই, ব্লিজার্ডের ২০ বলে ৩৯ আর হান্নানের ২২ বলে ৪৪ রানের ইনিংস দুটিই তো বড় রানের দিকে এগিয়ে দিয়েছিল রাজশাহী রেঞ্জার্সকে।