
নৌবাহিনীর গোলরক্ষক অসীম গোপের পায়ের ফাঁক দিয়ে জালে বল পাঠিয়েই উল্লাসে ফেটে পড়লেন পুষ্কর খীসা মিমো। হাতের স্টিক শূন্যে ছুড়ে দিলেন, সতীর্থরা ঝাঁপিয়ে পড়লেন তাঁর গায়ের ওপর। ভিড়ে হারিয়ে গেলেন সেনাবাহিনীর এই স্ট্রাইকার।
পেনাল্টি শুট আউটে মিমোর পুশেই হয়েছে ম্যাচের নিষ্পত্তি। জাতীয় হকির ফাইনালে কাল পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে নৌবাহিনীকে হারিয়ে ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। নির্ধারিত সময়ে ম্যাচের স্কোরলাইন ছিল ৩-৩।
জাতীয় দলের মোড়কে গড়া নৌবাহিনীকে হারিয়ে এক অর্থে অঘটনই ঘটিয়েছে সেনাবাহিনী। জিমি, চয়ন, কৃষ্ণ, সারোয়ার, কৌশিকসহ জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় নৌবাহিনীতে। কিন্তু সেনাবাহিনী দলে নিলয়, মিমোসহ মাত্র সাতজন জাতীয় দলের। টুর্নামেন্ট শুরুর পর থেকে তো অনেকে নৌবাহিনীর হাতেই শিরোপা দেখতে পাচ্ছিল। কিন্তু এই দলটাকেই ফাইনালে হারিয়ে দিল তুলনায় কম শক্তির সেনাবাহিনী।
সর্বশেষ বিজয় দিবসের ফাইনালে এবং এবারের জাতীয় হকির সেমিফাইনালের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নৌবাহিনীর কাছে হেরেছিল সেনাবাহিনী। টানা দুই হারের ‘প্রতিশোধ’ নেওয়া হলো বলে একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন সেনাবাহিনীর খেলোয়াড়েরা।
জাতীয় হকির গ্রুপ পর্বের বেশির ভাগ একপেশে লড়াইয়ের পর কাল জমজমাট এক ফাইনাল উপহার দিয়েছে দুই দল। নাটকীয়তায় ভরা ছিল পেনাল্টি শুট আউট। নৌবাহিনীর ফরহাদ, ইমন, ফজলে রাব্বি ও জিমি গোল করলেও রোমান সরকার গোল করতে পারেননি। সেনাবাহিনীর সাব্বির, রোকনুজ্জামান, শফিকুল ও মিমো পেনাল্টি শুট আউটে গোল করেন। তবে নৌবাহিনীর গোলরক্ষক অসীম ফাউল করায় পেনাল্টি স্ট্রোক থেকেও আরেকটি গোল করেন সাব্বির।
ম্যাচে অবশ্য তিনবার এগিয়ে গিয়েও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি সেনাবাহিনী। ৮ মিনিটে হাসান যুবায়ের নিলয়ের গোলে ১-০ করে সেনাবাহিনী। ১৬ মিনিটে রোমান সমতায় ফেরান নৌবাহিনীকে। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও সেনাবাহিনীকে এগিয়ে নেন মনোজ সরকার (২-১)। পেনাল্টি কর্নার থেকে ৩২ মিনিটে নৌবাহিনীকে ম্যাচে ফিরিয়েছেন আশরাফুল ইসলাম (২-২)। এরপর ফিল্ড গোলে সেনাবাহিনীর স্কোর ৩-২ করেন নিলয়। নৌবাহিনীকে জেতাতে যথেষ্ট চেষ্টা করেছেন দেশের সেরা স্ট্রাইকার জিমি, কিন্তু তাঁর দুর্দান্ত স্টিকওয়ার্কেও জিততে পারেনি দল। ৩৯ মিনিটে জিমির চমৎকার এক গোলেই সমতায় ফিরেছে। জিমির দুর্দান্ত দুটি হিট ঠেকিয়ে দেন সেনাবাহিনীর গোলরক্ষক রফিকুল।
ফাইনালে হেরে হতাশ নৌবাহিনীর কোচ মাহবুব হারুন। এই হারের জন্য খেলোয়াড়দের অতি আত্মবিশ্বাসই কোচের কাঠগড়ায়, ‘ছেলেদের মানসিকতা এমন ছিল যেন সহজেই এই ম্যাচ জিতে যাব। আসলে ওরা অতি আত্মবিশ্বাসী ছিল। ফাইনালে প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই, কিন্তু ওরা গুরুত্বই দেয়নি সেনাবাহিনীকে।’
প্রথমবারের মতো দায়িত্ব নিয়েই কোচ জাহিদ হোসেন চ্যাম্পিয়ন করলেন সেনাবাহিনী দলকে। ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ কোচ, ‘আমার পরিকল্পনামতোই মাঠে খেলেছে ছেলেরা। এই জয়ের সব কৃতিত্বই ওদের। ম্যাচের আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। দলের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল আমাদের।’