শেষ পর্যন্ত হকির ক্যাম্প বর্জন
শেষ পর্যন্ত আগের অবস্থানেই অনড় থাকলেন সার্ভিসেস দলের বাইরে থাকা জাতীয় দলের হকি খেলোয়াড়েরা। বিকেএসপিতে আজ শুরু এসএ গেমসের ক্যাম্পে তাঁরা যাবেন না।
ক্যাম্প বর্জনের আনুষ্ঠানিক ঘোষণাটা দিলেন পুষ্কর খীসা মিমো। আবাহনী মাঠে কাল বিকেলে সংবাদমাধ্যমের সামনে একটা লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় দলের এই স্ট্রাইকার। যেখানে মিমো তুলে ধরেছেন দলবদল না থাকায় খেলোয়াড়দের মানবেতর জীবনযাপনের চিত্র। দলবদলের তারিখ না দেওয়া পর্যন্ত তাঁরা জাতীয় দলের কোনো কর্মকাণ্ডে অংশ না নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন।
মিমো পরে ব্যাখ্যা করেছেন গোটা ব্যাপারটা, ‘দলবদল হলো না এবার। সার্ভিসেস দলের খেলোয়াড়দের চাকরি আছে, আমরা কীভাবে জীবন চালাব? আমাদের একমাত্র সম্বল দলবদল। সেটিই যদি ফেডারেশন না দেয় তাহলে আর অনুপ্রেরণা থাকে না খেলার প্রতি। তাই আমরা ২২ জন খেলোয়াড় ক্যাম্পে যাব না।’
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর পদত্যাগের দাবিতে মোহামেডানসহ কয়েকটি দলের লিগ বর্জনের কারণেই এবার দলবদল হয়নি। দলবদল দিতে চরমভাবে ব্যর্থ হকি ফেডারেশন। যার প্রভাব পড়ল জাতীয় দলেও। ক্যাম্প বর্জন করা খেলোয়াড়দের মধ্যে আছেন নিলয়, কৌশিক, সরোয়ার, শিতুল, অসীমরা। জিমিও যাচ্ছেন না। তবে সার্ভিসেস দলের সবাই যাবেন ক্যাম্পে, যাঁর মধ্যে আছেন চয়ন, কৃষ্ণা, তাপস।
রহমতউল্লাহ বলেছেন, ক্যাম্পে যোগ না দেওয়া খেলোয়াড়দের বাদ দিয়েই গড়া হবে হকি দল।