শেষ পর্যন্ত ‘ঢাকা লিগ’ই
‘ক্রিকেটের মতো চাইলে ফুটবলেও বিভাগীয় দল আনা যায়। একটু উদ্যোগ নিলেই এটা সম্ভব। কিন্তু এই দিকটায় কারও নজর নেই। তাই দিন দিন ফুটবলটা হয়ে পড়ছে ঢাকাকেন্দ্রিক।’এই আক্ষেপ গোলরক্ষক আমিনুলের। কিন্তু এর প্রতিধ্বনি গোটা ফুটবলেই শোনা যায় কান পাতলে, যেখানে একটা দীর্ঘশ্বাসও ঝরে। এক সময়ের নিটল-টাটা জাতীয় লিগের সৌজন্যে ঢাকার বাইরে অনেক ভেন্যুতেই ঘরোয়া লিগ হয়েছে। এখন বলতে গেলে সবই ঢাকায় সীমাবদ্ধ।আজ শুরু পঞ্চম পেশাদার লিগে ঢাকার বাইরের দল মাত্র একটি—ফেনী সকার। ভেন্যু কমতে কমতে এখন তিনটি। ১১ দলের লিগে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও ভেন্যু আছে ফেনী আর টাঙ্গাইল। টাঙ্গাইলে ভেন্যু হয়েছে ১৯৮৩ সালের পর ফুটবলে ফিরে আসা বিজেএমসির কল্যাণে। বাকি নয় দলই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সঙ্গে ‘আমি তোমারি সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’-এর মতো একাত্ম।এটা ঠিক, কিছু অগ্রগতিও আছে। বাংলাদেশ লিগটা এবার নিয়ে তৃতীয় বার নাম পাল্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নাম নিয়ে আজ যখন মাঠে গড়াচ্ছে, শিরোপা কে জিতবে কেউ বলতে পারে না। একসময় আবাহনী-মোহামেডান, তারপর মুক্তিযোদ্ধা, সঙ্গে ছিল ব্রাদার্স। গত বছর এল শেখ জামাল, যারা আবির্ভাবেই শিরোপা জিতে নিয়েছে। এবারের আকর্ষণের নাম বিজেএমসি।কতটা আকর্ষণ, কয়েক দিন আগেই ফেডারেশন কাপের ফাইনাল তা দেখিয়েছে। শেখ জামালের বিপক্ষে ওই ফাইনালে খেলেছিল বিজেএমসি। মজার ব্যাপার, এবারের লিগের গায়ে সবাই যখন প্রতিদ্বন্দ্বিতার তকমা লাগিয়ে দিচ্ছেন, তখন প্রথম দিনই বড় ম্যাচ। এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় আজ আবার মুখোমুখি শেখ জামাল-বিজেএমসি।বড় ম্যাচ এবার অনেক বাড়ছে। তাই জমজমাট এক লিগের আশা করাই যায়। দেখার বিষয়, ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া মোহামেডান ঘুরে দাঁড়াতে পারে কি না। সাদা-কালোর সমর্থকদের জন্য সুখবর দিতে চান কোচ এমেকা, ‘লিগে ভালো করে ফেডারেশন কাপের হতাশা ভুলতে চাই আমরা।’আবাহনীর লক্ষ্য গতবার হারানো শিরোপা আবার ঘরে তোলা। চারটি পেশাদার লিগের প্রথম তিনটিই জয়ী দলটির কোচ আলী আকবর পোরমুসলিমি বললেন, ‘লিগের জন্যই যাবতীয় প্রস্তুতি আমাদের। এখন মাঠে নেমে নিজেদের সেরা প্রমাণ করার চ্যালেঞ্জ।’এই চ্যালেঞ্জটা শেখ জামালেরই সম্ভবত সবচেয়ে বেশি। ফেডারেশন কাপ জয়ই বড় কারণ নয়, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার তাড়নাও আছে। কোচ সাইফুল বারী তাই বলছেন, ‘ভেতরে ভেতরে একটা চাপ অনুভব করছি। কঠিন চ্যালেঞ্জের মুখে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানো চাই। এবার লিগ জয়ের প্রতিদ্বন্দ্বিতায় আছে পাঁচ-ছয়টি দল। কাজেই প্রথম ম্যাচ থেকেই সতর্ক আমরা।’সতর্ক আসলে কে নয়! মৌসুমে কাগজে-কলমের দ্বিতীয় সেরা মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম যেমন বলছেন, ‘লিগটা ওপেন। ঘরোয়া ফুটবল এতটা উন্মুক্ত ছিল না কখনো। সেদিক থেকে লিগটা জমবে আশা করি। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে।’প্রতিদ্বন্দ্বিতার বারুদ জ্বলছে। পাতানো খেলা বন্ধে বিশেষ কমিটি গঠন, দর্শক আনতে রেডিও-টিভিতে প্রচারণা, তিনজন বিদেশি কোচ—এসব আলাদা করে আসছেই। তবে সাত বিদেশির নিবন্ধন আর চারজন খেলা মানে লিগটা এবারও হচ্ছে বিদেশিময়ই।ব্যতিক্রম আরও আছে। দ্বিতীয় বৃহত্তর শহর চট্টগ্রামের দুটি দল গতবার অবনমিত হওয়ায় বন্দর নগরের কোনো প্রতিনিধিত্ব নেই এবারের বাংলাদেশ লিগে। এটা অবিশ্বাস্য। চট্টগ্রাম আবাহনী তবু বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলছে, চট্টগ্রাম মোহামেডান তো তা-ও নয়!খুলনা আবাহনী, বিয়ানীবাজার, নারায়ণগঞ্জ শুকতারার মতো দলগুলো একে একে বিদায় নিয়েছে। তবে আশার কথা, পঞ্চম আসরে এসে বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ নাম নিয়ে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় স্তরের সাত দলের ঢাকার বাইরের দল মাত্র দুটি—কক্সসিটি ও বিয়ানীবাজার। এখানেও আবার নিরাশা!যা দেখে প্রায় দেড় যুগ ধরে ঘরোয়া ফুটবল খেলা বিজেএমসির অধিনায়ক আলফাজ হতাশ, ‘ঢাকার বাইরের আরও অংশগ্রহণ দরকার। নইলে এই লিগ আরও বৃত্তের মধ্যে ঢুকে পড়বে।’কথাটা শুনছেন নীতিনির্ধারকেরা?