শেষ প্রস্তুতি ম্যাচে শেষ মিনিটে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ প্রস্তুতি ম্যাচে ড্র করেই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ হকি দল। কিন্তু ম্যাচের ৩০ সেকেন্ড আগে একসঙ্গে সবাই ওপরে উঠে খেলতে গিয়েই ঘটেছে বিপত্তি। প্রতি-আক্রমণ থেকে গোল খেয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হয়েছে ইউক্রেনের কাছে।
অথচ খেলার শুরুর দিকে পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোলে বাংলাদেশই প্রথমে এগিয়ে যায়। পরে গোলটি শোধ করে দেয় ইউক্রেন। আর খেলার শেষ বাঁশি বাজার কেবলই আগে ওই গোলটা খেয়ে হার। বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৪তম দল ইউক্রেনের কাছে লড়াই করেই হেরেছে ৩০তম বাংলাদেশ। তিনটি প্রস্তুতি ম্যাচের সিরিজ বাংলাদেশের জন্য খারাপ যায়নি। প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের ৩-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে হারায় মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলকে। এখন অপেক্ষা সিঙ্গাপুরে অনুষ্ঠেয় মূল প্রতিযোগিতায় ভালো করার। আগামীকালই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ জাপান।
বাংলাদেশ দলে ফিজিও : হকি খেলোয়াড়দের জন্য একজন ফিজিও এবং ভিডিও অ্যানালিস্ট রাখার দীর্ঘদিনের দাবিটা সাময়িকভাবে পূরণ হলো। সিঙ্গাপুরে হকি দলের সঙ্গে থাকবেন মালয়েশিয়ান ফিজিও জাফিস, ভিডিও অ্যানালিস্টের দায়িত্বে সিঙ্গাপুরের সাবেক খেলোয়াড় হারুন। কাল সিঙ্গাপুর থেকে মুঠোফোনে দলের সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম (কামাল) জানিয়েছেন, ‘মালয়েশিয়া থেকে এই দুজন দলের সঙ্গে যোগ দিয়েছেন।’