শেষ বলে আবাহনীকে হারাল মোহামেডান
জয়ের জন্য শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন ছিল ৫ রান। ব্যাট হাতে মুক্তার আলি। প্রথম দুই বলে কোনো রান না হওয়ায় আবাহনীর দিকেই যেন ভারী হয়েছিল পাল্লাটা। তৃতীয় বলে পয়েন্টে ক্যাচ উঠলেও সেটা তালুবন্দী করতে পারেননি আল-আমিন। বল চলে যায় বাউন্ডারির বাইরে। চার। শেষ তিন বলে দরকার মাত্র এক রান। কিন্তু উত্তেজনার পারদ কয়েক ধাপ চড়িয়ে দিয়ে পরবর্তী দুই বলে কোনো রান নিতে পারলেন না মুক্তার। শেষ বলে এক রান নিয়ে দলকে এনে দিলেন দারুণ এক জয়। শেষ মুহূর্তের নায়ক মুক্তার হলেও মোহামেডানের ৩ উইকেটের ঘামঝরানো জয়টির মূল নায়ক ছিলেন শামসুর রহমান। ১১৫ বলে ১০৫ রানের লড়াকু ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতেই।
আবাহনী-মোহামেডানের সেই চিরায়ত উত্তেজনাই যেন ফিরে এসেছিল আজকের ম্যাচে। শুধু শেষ ওভারেই না, ঐতিহ্যবাহী দুই ক্লাবের লড়াইয়ে বেশ কয়েকবারই হাতবদল হয়েছে ম্যাচের ভাগ্য। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডান জয়ের লক্ষ্যে পৌঁছেছে তিলকারত্নে দিলশানের ৫১, শামসুর রহমানের ১০৫, মোহাম্মদ নবীর ৪৫ রানের সুবাদে। সঙ্গে মাশরাফির ১৮, রাজিন সালেহর ২১ রানের ছোট ইনিংস দুটিও পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দলের জয়ে মাশরাফি অবশ্য প্রধান ভূমিকাটি রেখেছেন বল হাতে। ৪০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চারটি উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেনের ৭৬, থারাঙ্গা পারানাভিতানার ৬১, তালিনা কান্ডাম্বির ৪৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ২৮২ রান যোগ করে আবাহনী।