শেষ বলে জয় মুম্বাইয়ের
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ানসের প্রয়োজন ছিল ১৬ রান। হাতে ছিল মাত্র ৩ উইকেট। শেষ ওভারের দ্বিতীয় বলেই মালিঙ্গা আউট হয়ে যাওয়ার পর হার নিশ্চিতই ধরে নিয়েছিল মুম্বাই। কিন্তু শেষ তিন বলেই সব হিসাবনিকাশ পাল্টে দিলেন স্মিথ। একটি ছয় ও দুটি চার মেরে মুম্বাইকে দুর্দান্ত এক জয় এনে দিলেন ডানহাতি এই উইন্ডিজ ব্যাটসম্যান। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৪ রান করে। এর আগে শচীন টেন্ডুলকার খেলেছিলেন ৪৪ বলে ৭৪ রানের ঝোড়ো এক ইনিংস।জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় মুম্বাই। তৃতীয় ওভারেই ফিরে যান জেমস ফ্রাঙ্কলিন। তবে এরপর শক্ত হাতে দলের হাল ধরেন টেন্ডুলকার ও রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়ে তোলেন ১২৬ রানের ম্যাচ-জেতানো জুটি। ইনিংসের ১৬তম ওভারে টেন্ডুলকার সাজঘরে ফেরার পর চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মুম্বাই। ২ উইকেটে ১৩৪ রান থেকে স্কোর বোর্ডের চেহারা দাঁড়ায় ৮ উইকেটে ১৫৯ রান। তবে শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে মুম্বাইকে কাঙ্ক্ষিত জয়টি এনে দেন ডোয়াইন স্মিথ।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল চেন্নাই। উদ্বোধনী জুটিতেই ৪৭ রান যোগ করেছিলেন দুই ওপেনার ডু প্লেসিস ও মুরালি বিজয়। ষষ্ঠ ওভারে প্লেসিস রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেওয়ার পর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মুরালি বিজয়ও। তবে আরপি সিংয়ের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৪১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ওপেনার। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান সুরেশ রায়না ও ডোয়াইন ব্রাভো। রায়না খেলেন ২১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। আর ব্রাভোর ব্যাট থেকে আসে ৪০ রান। শেষ পর্যায়ে অধিনায়ক ধোনির ২৫ রানের ইনিংসটির সুবাদে স্কোর বোর্ডে ১৭৩ রান যোগ করে চেন্নাই।