শেষ বলে হারল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য শেষ ওভারে দরকার ৯ রান। এমন ম্যাচ হেলে যেতে পারে যেকোনো দিকে। তবে নিশ্চিতভাবেই যে দল ভুল করবে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে ম্যাচটা।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল তাই হলো। একটা মাত্র ভুলে শেষ ওভারটা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। সালমা খাতুনের ওই ওভারের দ্বিতীয় বলে সুসান বেনাডের স্টাম্পিং মিস করলেন উইকেটকিপার নুজহাত তাসনিম। পরে ওভার থ্রোতে ওই বলেই এল ২ রান। মাঝখানে সুসানের একটা বাউন্ডারি। শেষ বলে জয়ের জন্য ১ রান লাগে, কাভারে বল ঠেলে সেটাও নিয়ে নিলেন সুসান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজে সমতা নিয়ে এল দক্ষিণ আফ্রিকা। কালকের অলিখিত ফাইনালে যে জিতবে, সিরিজ হবে তাদেরই।প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ১০৬ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। কাল সালমার দলও দক্ষিণ আফ্রিকার সামনে ঠিক তাই দিল। ১৫ রানে দুই ওপেনারকেই তুলে নিয়ে শুরুটা ভালো করে দিয়েছিলেন পেসার জাহানারা। কিন্তু তৃতীয় উইকেটে হজকিনসন-বেনাডের ৭৩ রানের জুটিতে ঘুরে যায় ম্যাচ। তবে শুধু এই জুটির সৌজন্যেই নয়, বাংলাদেশের মেয়েদের পিচ্ছিল হাতের ফিল্ডিংয়েরও বিশেষ অবদান আছে তাতে।৪৮ বলে ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরা এক সুসানই বেঁচে গেছেন চারবার আউটের সুযোগ দিয়ে! এর মধ্যে ব্যক্তিগত ১৪, ৩৯ ও ৪৫ রানে উইকেটকিপার নুজহাতের স্টাম্পিং মিসে। আর ব্যক্তিগত ১৬ রানে আয়েশার বলে স্কয়ার লেগে তাঁর ক্যাচ ফেলেছেন তিথি রানী। এ রকম বাজে ফিল্ডিং দেখা গেছে ওয়ানডে সিরিজেও। মহিলা দলের শ্রীলঙ্কান কোচ ওশাদি বীরাসিঙ্গে তার পরও তখন বলেছিলেন, ‘যে রকম দেখা যাচ্ছে, তার চেয়ে ভালো ফিল্ডিং দল বাংলাদেশ।’ কিন্তু কাল সেই বীরাসিঙ্গেও যারপরনাই হতাশ। ‘মেয়েদের ব্যাটিং-বোলিং যা হয়েছে, আমি সন্তুষ্ট। কিন্তু কিপিং আর ফিল্ডিং হয়েছে খুবই বাজে’—ম্যাচ শেষে কথাগুলো বলার সময় কোচের কণ্ঠ বড়ই ম্রিয়মাণ শোনাল। তাঁর দৃষ্টিতে, ম্যাচের টার্নিং পয়েন্ট সুসানের এই নতুন জীবনগুলোই।বিপরীত উদাহরণও অবশ্য আছে। কুবরার বলে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে লং অনে হজকিনসনের (৩৭) যে ক্যাচটা নিলেন লতা মণ্ডল, যেকোনো পর্যায়ের ক্রিকেটেই সেটি দুর্দান্ত ক্যাচ বলে বিবেচিত হবে।ফিল্ডিংয়ের আগে ব্যাটিংটাও ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। আগের ম্যাচের মতো সালমাই যা একটু আলো ছড়ালেন, বাকিরা নিষ্প্রভ। উইকেট পতনের মিছিলে বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে পাঁচ বাউন্ডারিসহ ৪২ বলে ৪২ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ লতার ১০। সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ মহিলা দল: ২০ ওভারে ১০৫/৬ (লতা ১০, রুমানা ৪, ফারজানা ৫, সালমা ৪২, আয়েশা ৮, রিতু ৫, তিথি ৭*, জাহানারা ৬*; নিকার্ক ২/১৬)। দক্ষিণ আফ্রিকা মহিলা দল: ২০ ওভারে ১০৬/৪ (বেনাডে ৫৩*, হজকিনসন ৩৭; জাহানারা ৪-০-১৬-৩, সালমা ৪-০-২৫-০, কুবরা ৪-০-১৫-১, আয়েশা ২-০-১০-০, রুমানা ৩-০-২০-০, লিলি ৩-০-১৭-০)। ফল: দক্ষিণ আফ্রিকা মহিলা দল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সুসান বেনাডে।