শেষ বলের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই আক্ষেপ কি কখনো যাবে? এনামুল কি বাংলাদেশকে জেতাতে শেষ বলে আরেকটা ফুলটস পাবেন? ফরহাদ রেজা কি পাবেন আরেকটা শেষ বল করার সুযোগ?

ভবিষ্যতের কথা বলা যায় না। হয়তো পাবেন, হয়তো পাবেন না। কিন্তু চট্টগ্রাম থেকে যে আক্ষেপ নিয়ে ঢাকায় ফিরল বাংলাদেশ, সেই আক্ষেপ কোনো দিন যাবে না। শ্রীলঙ্কা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। ভাবুন একবার, এই দলকে টানা দুই ম্যাচে হারাতে পারলে কোথায় উঠে যেত বাংলাদেশের ক্রিকেট! সেটা তো হলো না-ই, উল্টো টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর থেকে ১১ নম্বরে নেমে যেতে হলো! কাছাকাছি মানের দলগুলোর মধ্যে আগে কেবল নয় নম্বরে থাকা আয়ারল্যান্ডই বাংলাদেশের ওপরে ছিল। আর এখন বাংলাদেশ আফগানিস্তানেরও (১০) পেছনে!

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ আয়োজক দেশ। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শেষ দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলে সেটি বিশ্বকাপে দারুণ এক আত্মবিশ্বাসের জ্বালানি হতো বাংলাদেশের জন্য। সেটি হয়নি, শেষ বলে নিষ্পত্তি হওয়া দুটি ম্যাচেই বাংলাদেশ জিততে পারত, এটিও তো কম প্রাপ্তি নয়।

এমন পরাজয়ের পর সেই প্রাপ্তিতে কি আর তৃপ্তি খুঁজে পাওয়া যায়! টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা যত বড় সিংহই হোক, তারা পরপর দুবার এভাবে হাত ফসকে যাবে, সেটা যেমন মানতেই পারছেন না তামিম ইকবাল, ‘আমার মনে হয়, দলের সবারই আফসোস আছে এই দুটি ম্যাচ জিততে না পেরে। আমাদের এসব ম্যাচ জেতা শিখতে হবে। আরও ওপরে যেতে হলে এই এক-দুই পার্সেন্ট ঘাটতিও রাখা যাবে না।’

বাংলাদেশ দিন দিন ভালো দল হয়ে উঠছে, নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে, তামিমের কাছে এসব তত্ত্বকথার কোনোই মানে নেই, যতক্ষণ না কাজটা করে দেখানো যাচ্ছে, ‘দেখেন, পরের ধাপে যেতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে। আপনি যত বেশি এ রকম ম্যাচ জিতবেন, তত বেশি পরের ধাপে পা দিতে পারবেন।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বলে হেরে যাওয়া দুটি টি-টোয়েন্টি ম্যাচ এই তাড়না এখন দলের সবার মধ্যেই আনছে। এনামুল তো প্রথম টি-টোয়েন্টিটা হারার পরদিনই বলেছেন, ‘এরপর আবার যখন এ রকম একটা বল পাব, সেটা কোথায় পাঠাব তাই ভাবছি।’ ফরহাদ রেজাও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষ বলটা নতুন করে করার ইচ্ছা পোষণ করেন মনে মনে। যদিও ও রকম আরেকটা বল করার সুযোগ পেলে কী করবেন জানতে চাইলে কাল টেলিফোনে বললেন, ‘তখন আবার নতুন করে চিন্তা করব। ব্যাটসম্যান বুঝে বল করব।’

পরশু শেষ বলটা করার আগে অধিনায়ক মাশরাফি, সাকিব ও তামিমের সঙ্গে পরামর্শ করেছেন ফরহাদ। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, কোনোভাবেই ম্যাচ টাই করে সুপার ওভারে যাওয়া যাবে না। সুপার ওভার করলে শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই লাসিথ মালিঙ্গাকে দিয়ে বল করাবে। আর মালিঙ্গার মুখোমুখি হওয়াটা বাংলাদেশের সব ব্যাটসম্যানের জন্যই কঠিন। শেষ বলটা তাই ফরহাদ করেছিলেন জেতার জন্য, চেষ্টা করেছিলেন পরিকল্পনা অনুযায়ী বাউন্সার দেওয়ার। ‘আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম শেষ বলে যে করেই হোক জিততে হবে। বাউন্সার দিয়ে ডট বল নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ভেজা থাকায় বলটা ওঠেনি’—কাল টেলিফোনে বলছিলেন ফরহাদ।

১২০ রান করেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়াটাও একটা সাফল্য। শেষ বলটা করার আগে ফরহাদকে সেটা বলেই সাহস জোগাচ্ছিলেন সতীর্থরা, ‘মাশরাফি ভাই আর সাকিব আমাকে বলছিল, এসব ক্ষেত্রে ৯০ ভাগ সম্ভাবনা থাকে ম্যাচ হেরে যাওয়ার। ৬ বলে ৯ রান আটকানো কঠিন কাজও। তার পরও যদি ম্যাচ জেতাতে পারি তো খুবই ভালো। না পারলেও সমস্যা নেই।’

থিসারাকে ওয়াইড ইয়র্কার মারার পরিকল্পনা করে বারবার সফল হচ্ছিলেন। ফরহাদ ভেবেছিলেন, পরিকল্পনা কাজে লাগাতে পারবেন শেষ বলেও। কিন্তু হলো না। টানা দুই ম্যাচে তাই বাংলাদেশের সঙ্গী হলো শেষ বলের আক্ষেপ!