শেষ বলের ছয়ে প্রোটিয়াদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ এক জয়ে দেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজে প্রথম হোয়াইটওয়াশটা এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল পোচেফস্ট্রুমে সিরিজের শেষ ম্যাচে কিউইদের এক উইকেটে হারিয়ে অবিস্মরণীয় এক জয়ের স্বাদ নিলেও সিরিজটা ২-১ ব্যবধানে নিউজিল্যান্ডেরই থাকল।ম্যাচের শেষ বলে জেমস ফ্রাংকলিনকে ফাইন লেগের ওপর দিয়ে এক অসাধারণ ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন রায়ান ম্যাকক্লারেন। তবে এই জয়ের ভিত্তিটা গড়ে দেন গ্রায়েম স্মিথ—এক অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে। কালকের সেঞ্চুরি স্মিথকে বসিয়েছে জ্যাকুয়েস ক্যালিস ও হার্শেল গিবসের পর একদিনের ক্রিকেটে তৃতীয় সেরা রান সংগ্রাহকের আসনে। টেস্ট সিরিজে ভয়াবহ পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানো নিউজিল্যান্ড কাল জয় পেলে অবশ্য যোগ্যতারই বিজয় হতো। কিন্তু অনিশ্চয়তার ক্রিকেটে মাত্র একটি বলের জন্য প্রাপ্য জয়টি হাতছাড়া হয় তাদের। রায়ান ম্যাকক্লারেনের ছক্কাটির আগপর্যন্ত নিউজিল্যান্ডই ছিল ম্যাচ জয়ের যোগ্যতর দল।টসে জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২৬০ রান। বাজে শুরুর পর নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় গ্র্যান্ট এলিয়ট (৫৪), কলিন মুনরো (৫৭) ও জেমস ফ্রাংকলিনের তিনটি দারুণ হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কিউইরা পথের দেখা পায় মূলত পঞ্চম ও ষষ্ঠ উইকেটে দুটি দারুণ জুটির মাধ্যমে। পঞ্চম উইকেটে গ্র্যান্ট এলিয়ট ও কলিন মুনরো প্রথমে গড়ে তোলেন ৬১ রানের জুটি। ষষ্ঠ উইকেটে কলিন মুনরো জেমস ফ্রাংকলিনকে সঙ্গে নিয়ে আরও ৬৭ রান যোগ করে নিউজিল্যান্ডের সংগ্রহকে নিয়ে যান লড়াকু অবস্থানে। অষ্টম, নবম ও দশম উইকেট জুটিতে জেমস ফ্রাংকলিন জিমি নিশাম, কাইল মিলস ও মিচেল ম্যাকক্লেনাঘানকে সঙ্গে নিয়ে যথাক্রমে ১৭, ১৮ ও ২৬ রান তুলে দলের সংগ্রহকে নিয়ে যান ২৬০-এ। দক্ষিণ আফ্রিকার পক্ষে লোনওয়াবে সোতসবে ও রায়ান ম্যাকক্লারেন তুলে নেন চারটি করে উইকেট। চার উইকেট পেতে সোতসবে খরচ করেন ৪৫ রান, ম্যাকক্লারেন ৫৪।২৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে গ্রায়েম স্মিথের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম উইকেটে ৮৩ রান তোলেন স্মিথ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইনটন ডি কক। স্মিথ ১৩০ বল খেলে ১৪টি চারের সাহায্যে ১১৬ রান করেন। স্মিথ কেইন উইলিয়ামসনের বলে বিজে ওয়াটলিংয়ের হাতে ধরা পড়লে অবশ্য পথ হারায় দক্ষিণ আফ্রিকা। স্মিথ একদিক আগলে রেখে ইনগ্রামের সঙ্গে ৩৯, ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে ৪৩ ও ডেভিড মিলারের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে দলের রান তাড়ার ধারা স্থিতির মধ্যেই রেখেছিলেন। স্মিথের বিদায়ের পরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে প্রোটিয়াদের ব্যাটিং ব্যর্থতা সিরিজের শেষ ম্যাচে কিউইদের জয়ের দ্বারপ্রান্তে এনে দাঁড় করালেও রায়ান ম্যাকক্লারেন ধৈর্যশীল এক ইনিংস (৪৯ বলে ২৫) খেলে দক্ষিণ আফ্রিকাকে শেষ পর্যন্ত দেশের মাটিতে প্রথমবারের মতো ধবলধোলাই হওয়ার লজ্জা থেকে রক্ষা করেন। জেমস ফ্রাংকলিনের করা শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আট রান। ম্যাচের শেষ ওভারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ম্যাকক্লারেন কিউই ফ্রাংকলিনের শেষ বলটি ফাইন লেগের ওপর দিয়ে সীমানার ওপারে আছড়ে ফেলে দেশকে এনে দেন এক অবিস্মরণীয় জয়ের স্বাদ। নিউজিল্যান্ডের আফসোস অবশ্যই থাকবে। কারণ, ম্যাকক্লারেন যখন ব্যক্তিগত ছয় রানে, তখন মিডউইকেটে দাঁড়িয়ে ক্যাচ ফেলে তাঁকে জীবন দিয়েছিলেন জিমি নিশাম। শেষ পর্যন্ত জীবন পাওয়া সেই ম্যাকক্লারেনই হয়ে উঠলেন কিউইদের হন্তারক।নিউজিল্যান্ডের কাইল মিলস, মিচেল ম্যাকক্লেনাঘান ও জেমস ফ্রাংকলিন ও কেইন উইলিয়ামসনের দারুণ বোলিংশৈলী দলকে প্রায় জিতিয়ে দিয়েছিল। ক্রিকেটের অনিশ্চয়তার কাছে পর্যুদস্ত এই চার বোলারের প্রত্যেকেই তুলে নেন দুটি করে উইকেট। সূত্র: রয়টার্স, ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ২৬০/৯ (৫০ ওভার)এলিয়ট ৫৪, মুনরো ৫৭, ফ্রাংকলিন ৫৩সোতসবে ৪/৪৫, ম্যাকক্লারেন ৪/৫২দক্ষিণ আফ্রিকা ২৬৪/৯ (৫০ ওভার)স্মিথ ১১৬, ম্যাকক্লারেন ২৫*, ডু প্লেসিস ১৯কাইল মিলস ২/৪০, ম্যাকক্লেনাঘান ২/৭০ফ্রাংকলিন ২/৩৮, উইলিয়ামসন ২/ ৪০(দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে জয়ী)