শেষ বিকেলে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

বল তো নয় যেন আগুনের গোলা ছিটকে বেরোল রায়ান হ্যারিসের হাত থেকে। সেটি ঠেকানোর কোনো উপায়ই যেন খুঁজে পেলেন না মরনে মরকেল। হাওয়ায় উড়ল স্টাম্প। উড়লেন হ্যারিসও, দু হাত মেলে। উল্লাসের ঝড়ে যেন উড়ে যেত চাইল অস্ট্রেলিয়াও। তখন অস্ট্রেলিয়াকে দেখে কোনো টেস্ট দল মনে হচ্ছে না, মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনালে শেষ মুহূর্তে গোল করা কোনো ফুটবল দল!
টেস্ট ক্রিকেটকে প্রায় একটি অপবাদ শুনতে হয়। টি-টোয়েন্টির এই যুগে টেস্ট নাকি অচল মুদ্রা। কিন্তু টেস্টের ভেতর যে ক্রিকেটের মূল সৌন্দর্য লুকিয়ে আছে, সেটা আরেকবার প্রমাণিত হলো কেপটাউনে। দক্ষিণ আফ্রিকার ড্র নাকি অস্ট্রেলিয়া জয়, পেন্ডুলামের মতো দুদিকেই দুলতে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত দিনের খেলার ২৭ বল বাকি থাকতেই ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া। জিতে নিল সিরিজও। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া এবং অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে জেতার রেকর্ড আছে যাঁর, সেই গ্রায়েম স্মিথ বিদায় নিলেন পরাজয় দিয়েই!
জ্যাক ক্যালিসকে দুর্দান্ত জয় দিয়েই বিদায় জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্রই কদিন আগে। এই টেস্টে জেতার সুযোগ তাদের ছিল না। তবে কোণঠাসা অবস্থা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ড্র-টাও হতো জয়ের সমান। ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পরও দিনের শেষ দুই সেশনে যেভাবে দাঁত চেপে লড়াই করে গেল স্মিথের সতীর্থরা, মনে হচ্ছিল হার দিয়ে প্রিয় অধিনায়ককে বিদায় তারা কিছুতেই দিতে দেবে না।
সফল হবে বলেই মনে হচ্ছিল। ১১৯ ওভার শেষে সাত উইকেটে ২৪৬ ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর। রান কত হলো, সেই হিসাব ততক্ষণে কেউ কষছে না। হিসাব কষা হচ্ছে শুধু ওভারের। দিনের খেলা তখনো ২০ ওভার বাকি। তিন উইকেটে এই সময়টা পার করে দিতে পারবে তো দক্ষিণ আফ্রিকা? ডুমিনি-ফিল্যান্ডারের জুটিটা কিন্তু এর আগে ১৭ ওভার ভালো মতোই পার করে দিয়েছে।
কিন্তু শেষ স্বীকৃত ব্যাটসম্যান ডুমিনি অষ্টম উইকেট হিসেবে ফিরে গেলেন ১২০তম ওভারের প্রথম বলেই! শিকারটা জনসনের। লড়াই পড়ে থাকল শুধুই টেল এন্ডারদের জন্য। ফুঁসে ওঠা হ্যারিস-জনসনদের তোপ সামলে ১৯.৫ ওভার পার করে দিতে পারবে কি তারা? পারবে বলেই মনে হচ্ছিল। যখন ফিল্যান্ডার হয়ে উঠলেন ব্যাটসম্যান। আর ডেল স্টেইনকে নিয়ে পার করে দিলেন ১৫ ওভার!
হাতে তখনো দুই উইকেট। দিনের খেলা ৫ ওভার বাকি। একের পর এক বল কী করে কী করে যেন সামলে যাচ্ছে স্টেইন-ফিল্যান্ডার জুটি। তখনই ওয়াটসনের বদলে হ্যারিসের হাতে আবার বল তুলে দিলেন মাইকেল ক্লার্ক। ১৩৫তম ওভারের প্রথম বলেই স্টেইনকে ফেরালেন হ্যারিস। তৃতীয় বলে ফেরালেন মরকেলকেও! ৫১ রানে অপরাজিত থাকা ফিল্যান্ডারকে তখন মনে হচ্ছিল পৃথিবীর নিঃসঙ্গতম মানুষ!
বহুবার চাপে ভেঙে পড়া দক্ষিণ আফ্রিকা আবারও পারল না! নিশ্চিত ড্রয়ের মুখ থেকে ম্যাচটা ফিরিয়ে হ্যারিসই প্রতিক্রিয়া জানাতে সত্যি কথাটা বলে দিলেন, ‘এই জয় অবিশ্বাস্য!’ ২৪৫ রানের বিরাট ব্যবধানের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হলো ক্রিকেটে স্মিথ-অধ্যায়!