শেষ বিকেলে উজ্জ্বল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুটি বল পাল্টে দিল গোটা ম্যাচের দৃশ্যপট। শেষ বিকেলের মরে আসা আলোয় উজ্জ্বল হলো ইংল্যান্ডের আশা। আরও ধূসর হলো দুই বছর পর শ্রীলঙ্কার সিরিজ জয়ের সম্ভাবনা।দিনের খেলার বাকি তখন মাত্র ২ ওভার। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ৯০ রানের জুটি গড়ে উইকেটে জয়াবর্ধনে-সামারাবীরা। মাত্র ৯ ওভার পুরোনো নতুন বল অ্যান্ড্রু স্ট্রাউস তুলে দিলেন গ্রায়েম সোয়ানের হাতে। প্রথম বলেই দারুণ টার্ন আর একটু বাড়তি বাউন্সে বোল্ড সামারাবীরা। এক বল পর ফ্লাইট ও টার্নে ধোঁকা খেয়ে বোল্ড সুরাজ রণদিভ। শ্রীলঙ্কার স্বস্তির অবস্থান পাল্টে গেল মুহূর্তেই, ইংল্যান্ডের জন্য খুলে গেল জয়ের দরজা। ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ৩৩ রানে এগিয়ে শ্রীলঙ্কা। হার এড়াতে আবারও অসাধারণ কিছু করতে হবে মাহেলা জয়াবর্ধনেকে। একাই বা পারবেন কী করে, অধিনায়কের যোগ্য সঙ্গী হতে হবে ম্যাথুস আর প্রসন্ন জয়াবর্ধনেকে।থিলান সামারাবীরা অবশ্য আশা ছাড়ছেন না, ‘১৫০ রানের লিডই হতে পারে খুব ভালো লিড। শেষ দিনের উইকেটে হতে পারে যেকোনো কিছু।’ দাবিটা ফেলনা নয় মোটেও। উদাহরণের জন্য খুব বেশি অতীতেও যেতে হবে না। এই তো কদিন আগে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ১৪৫ রান তাড়া করে ইংলিশরা গুটিয়ে গিয়েছিল ৭২ রানে। কিন্তু ১৫০ রান তো করতে হবে! মূল ভরসা যথারীতি জয়াবর্ধনে। এর মধ্যে যা করেছেন, সেটাও মহামূল্য। শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানোর আশা এখনো টিকে আছে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানের আরেকটি অধিনায়কোচিত ইনিংসে। উইকেটে গিয়েছিলেন দ্বিতীয় সেশনের প্রায় শুরুতেই, দিন শেষ করেছেন হার না মেনে। পরিস্থিতির চাহিদায় বদলে ফেলেছেন নিজেও। স্বভাবজাত স্ট্রোকের ফেয়ারা ছোটাননি, বরং সময়ের দাবি মেনে ভীষণ সাবধানী। ফিফটি ছুঁয়েছেন ১২৫ বলে, পরে আরও সাবধানী। ১২৫ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে সামারাবীরার সঙ্গে ৪৩.৩ ওভারের ওই জুটি। সকালে থিরিমান্নে দ্রুত ফিরে গেলেও নাইটওয়াচম্যান ধাম্মিকা প্রসাদ যথেষ্টই যন্ত্রণা দিয়েছেন ইংলিশদের। পরে থিতু হয়েছিলেন দিলশান-সাঙ্গাকারাও। জয়াবর্ধনের মতো এই দুজনও গুটিয়ে রেখেছিলেন নিজেদের। আগের দিন অতিরিক্ত আবেদনের জন্য জরিমানা গোনা দিলশান কাল ব্যাটিংয়ের সময়ও বেশ কয়েকবার কথার লড়াইয়ে জড়িয়েছেন ইংলিশ ফিল্ডারদের সঙ্গে। চা-বিরতির আগে দুজনকেই ফিরিয়েছেন সোয়ান। এরই মধ্যে ম্যাচে ৮ উইকেট তুলে ফেলা সোয়ান আজ জয়াবর্ধনেদের জন্যও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়েবসাইট।