শেষ বিকেলে উজ্জ্বল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউন্ড দ্য উইকেটে করা জুনাইদ খানের বলটি পুল করতে চেয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। বল লাগে প্যাডে, আঙুল তুলে দেন আম্পায়ার সাইমন টফেল। প্রথম দেখাতেই মনে হয়েছিল খানিকটা উঁচু ছিল বল, রিপ্লে আরও জোরালো করল সন্দেহ। টফেলও তাহলে ভুল করেন!অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে সাঈদ আজমলের ডেলিভারিটি বেরিয়ে যাচ্ছিল আরও বাইরে। কী মনে করে, পুল করতে গেলেন কুমার সাঙ্গাকারা। ব্যাটের ওপরের কানায় লেগে বল উঠল আরও ওপরে, স্লিপে ক্যাচ। অসাধারণ এক ইনিংসের জঘন্য সমাপ্তি।দুই ব্যাটিং স্তম্ভের বিদায়ে হুড়মুড় করে ভেঙে পড়ছিল শ্রীলঙ্কার ইনিংস। থমকে গিয়েছিল রানের গতি। দ্বিতীয় দিনের সবচেয়ে আলোচিত ঘটনা হতে পারত তাই এই দুটি উইকেট। আলোচনায় দুই উইকেটই থাকছে, তবে সাঙ্গাকারা-জয়াবর্ধনের নয়, পাকিস্তানের দুই ওপেনারের। লোয়ার-অর্ডারদের লড়াইয়ে কোনোরকমে চার শ পেরিয়েছে শ্রীলঙ্কা। এরপর শেষ বিকেলে তুলে নিয়েছে দারুণ ফর্মে থাকা তৌফিক উমর ও মোহাম্মদ হাফিজের উইকেট। ব্যাটিংয়ে সারা দিন হামাগুড়ি দিয়ে এগোলেও দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে ওই দুটি উইকেট তুলেই। মন্থর হয়ে আসা উইকেটে যেভাবে স্পিন ধরছে, আজ শক্ত চ্যালেঞ্জই অপেক্ষা করছে পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য।২ উইকেটে ২৪৫—এমন অবস্থা থেকেও শ্রীলঙ্কার শুরুটা ছিল অতিসাবধানী। দিনের অষ্টম ওভারে মাহেলা জয়াবর্ধনের আউটের পর যেন থমকেই যায় রানের গতি। আগের দিন সেঞ্চুরি করা সাঙ্গাকারা এবং সব সময়ই ইতিবাচক অ্যাঞ্জেলো ম্যাথুস পর্যন্ত রানের জন্য হাঁসফাঁস করতে থাকেন। প্রথম সেশনের ২৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে রান আসে মাত্র ৫৫, চার ছিল মাত্র ৩টি! সাঙ্গাকারা ফিরে যান লাঞ্চের পরপরই। কাল ৮১ বল খেলে মাত্র দুটিকেই বাউন্ডারিতে পাঠাতে পারেন সাবেক অধিনায়ক। দ্বিতীয় সেশনেও প্রথম সেশনের মতো অবস্থা, ২৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান!৩৩১ রানে ৭ উইকেট হারানোর পর শ্রীলঙ্কার ৩৫০ ছুঁতে পারা নিয়েই ছিল সংশয়। দারুণ রিভার্স সুইং পাচ্ছিলেন গুল-জুনাইদ, দুসরায় ত্রাস ছড়াচ্ছিলেন আজমল। কিন্তু উইকেটরক্ষক কৌশল সিলভা ও রঙ্গনা হেরাথের কার্যকর দুটি ইনিংসে চার শ পেরোয় শ্রীলঙ্কা। শেষ তিন জুটিতে যোগ হয় ৮২ রান। ওয়েবসাইট।