শেষ বিকেলে খেলায় ফিরল শ্রীলঙ্কা

শুরুটা মন্দ নয়। আলভিরো পিটারসেন ও ডিন এলগারের উদ্বোধনী জুটিতে এল ৭০। লঙ্কান বোলারদের বেশ ভোগাল এলগার ও ফ্যাফ ডু প্লেসিসের দ্বিতীয় উইকেট জুটি। তবে চা-বিরতির পর পটাপট ৪ উইকেট তুলে নিয়ে দিনটি পুরোপুরি প্রোটিয়াদের হতে দেননি লঙ্কান বোলাররা। এলগারের দ্বিতীয় টেস্ট শতকে গল টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৬৮।
দিলরুয়ান পেরেরার শিকার হয়ে ৩৪ রানে পিটারসেন ফিরে গেলে এলগার-ডু প্লেসিসের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১২৫ রান। পেরেরার বলে কুশল সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে ৮০ রানে ফেরেন ডু প্লেসিস। সঙ্গী ডু প্লেসিস না পারলেও এলগার ঠিকই সেঞ্চুরি তুলে নেন। লাকমলের বলে ফেরার আগে করেন ১০৩ রান।
১ উইকেটে ১৯৫ থেকে ৫ উইকেটে ২৬৬—প্রোটিয়াদের ৭১ রানে পড়েছে ৪ উইকেট। চা-বিরতির পর ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার পড়েছে এই ৪ উইকেট। দিন শেষে কুইন্টন ডি কক অপরাজিত ১৭ রানে, ‘নাইট ওয়াচ ম্যান’ ডেল স্টেইন রানের খাতা খুলতে পারেননি এখনো। লঙ্কান বোলারদের পক্ষে সুরাঙ্গা লাকমাল ও পেরেরা নিয়েছেন দুটি করে উইকেট।