শেষ বিকেলে সাঁতারপুলে নাটক
২৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিন। খেলা শেষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানও শেষ। চ্যাম্পিয়ন আনসার খুবই উল্লসিত, অন্যদিকে বয়সভিত্তিক সাঁতারে ১৮ বারের চ্যাম্পিয়ন বিকেএসপির সাঁতারুদের মন খারাপ। কিন্তু এর পরই মহানাটক!মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলের ফল নিয়ে বাধল গোলমাল। এই ইভেন্টের প্রথম পুরস্কার দেওয়া হয়েছে আনসারের ববিতাকে। কিন্তু বিকেএসপির দাবি, তাদের সাঁতারু শিখা খাতুনই প্রথম। টাইমকিপাররাও প্রথমে ববিতার নাম লিখেছেন। তারই ভিত্তিতে ববিতাকে পুরস্কার দেওয়া হয়। পরে প্রতিবাদ করার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় শিখাই প্রথম। এরপর শিখাকেই পুরস্কার দেয় সাঁতার ফেডারেশন।দুই পক্ষে হট্টগোলের কারণ, এই একটি সোনাই নির্ধারক হয়ে দাঁড়িয়েছে দুদলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। দুদলই পেয়েছে সমান ৪৫টি করে সোনা। কিন্তু প্রথমে আনসারকে চ্যাম্পিয়ন ঘোষণার পর তা পাল্টে প্রথম স্থান দেওয়া হয় বিকেএসপিকে। রুপা বেশি জেতায় (৫০টি রুপা ও ২৫টি ব্রোঞ্জ) বিকেএসপিই চ্যাম্পিয়ন। ২৫টি রুপা ও ২১টি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ আনসার। মুন্সিগঞ্জের অগ্রযাত্রা সুইমিং ক্লাব হয়েছে তৃতীয়, যাদের সংগ্রহ ৪টি সোনা।এক দলকে চ্যাম্পিয়নের পুরস্কার দেওয়ার পর তা ফিরিয়ে নিয়ে অন্য দলকে দেওয়া—বাংলাদেশ সাঁতার ফেডারেশন ভালোই দেখাল! আর তা দেখে বিকেএসপির টিম ম্যানেজার শামীমা সাত্তার বলছিলেন, ‘ফেডারেশন কেন আমাদের সঙ্গে এমন করল, বুঝলাম না। আমাদের সঙ্গে ওরা অবিচার করতে চেয়েছিল। আমরা সেটা করতে দিইনি।’প্রতিযোগিতার সেরা সাঁতারু আনসারের জুয়েল আহমেদ ও নাজমা খাতুন। কালও জুয়েল দুুটি ইভেন্টে রেকর্ড গড়েছে আর নাজমা ১টিতে । সব মিলিয়ে ১০টি সোনা জিতেছে জুয়েল, রেকর্ড ৭টিতে। ৯টি সোনা জেতা নাজমার রেকর্ডও ৭টি। শেষ দিনে ছিল ৫টি রেকর্ড। এগুলো গড়েছে ১৫০০ মিটার ফ্রি-স্টাইল ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে জুয়েল, ৪০০ মিটার ফ্রি-স্টাইলে নাজমা, ৫০ মিটার ফ্রি-স্টাইলে লালনশাহ সুইমিং ক্লাবের নাগিব খন্দকার, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিকেএসপির পলাশ চৌধুরী। ৫ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে বিকেএসপির সারোয়ার হোসেন, ১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিংয়ে সাদি মোহাম্মদ মহসিন ও ৩ মিটার স্প্রিং বোর্ডে অনিক ইসলাম রেকর্ড করেছে।