শেষ বিশ্বকাপের অপেক্ষা
দুজনের মুখের অনেকটাই ঢাকা পড়ে গেছে গালভর্তি দাড়ির আড়ালে। ইংল্যান্ডের মঈন আলী আর পাকিস্তানের মোহাম্মদ ইউসুফকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলে চেনার সহজ উপায় গায়ের রংটাই। ইউসুফের চেয়ে মঈন একটু ফর্সা।ধানমন্ডি ৪ নম্বর মাঠে কাল সকালে আরেকটা উপায়ও বেরিয়ে গেল দুই শ্মশ্রুমণ্ডিতকে আলাদা করার। ওয়ার্মআপ শেষে মোহামেডান সতীর্থদের সঙ্গে একজন মেতে উঠলেন ফুটবল নিয়ে। দুই নেট বোলারকে আলাদা করে নিয়ে আরেকজন শুরু করলেন নক। প্রথমজন মঈনই হবেন। বয়স মাত্র ২৩, ক্যারিয়ারের দিগন্তটা সামনে এতই বিশাল যে ক্রিকেটে নামার আগে ফুটবল নিয়ে দুরন্তপনা করাই যায়। ৩৬ বছর বয়সী ইউসুফ সেটিকে সময়ের অপচয় মনে করে থাকতে পারেন। আবার দলে ফেরার লড়াই, রয়েছে বিশ্বকাপেরও হাতছানি। যে বিশ্বকাপকে ইউসুফ নিজেই বলছেন ‘শেষ বিশ্বকাপ’, জীবনের প্রতিটি সেকেন্ড তো এখন সেটার পেছনেই ব্যয় করবেন!পেশাদার ক্রিকেটার বলে টাকা-পয়সা একটা আকর্ষণ অবশ্যই। তবে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে আসার আরেকটা উদ্দেশ্যও ছিল ইউসুফের—বিশ্বকাপ প্রস্তুতি। ফতুল্লা স্টেডিয়ামে আজ সিসিএসের বিপক্ষে ম্যাচটা ঢাকায় আপাতত তাঁর শেষ ম্যাচ হলেও এই ছয় ম্যাচেই চিনে নিচ্ছেন বিশ্বকাপের অন্যতম আয়োজক বাংলাদেশের জল-হাওয়া। ‘পেশাদার ক্রিকেটার আমি, যেখানেই সুযোগ পাই খেলার চেষ্টা করি। তা ছাড়া বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ আছে। প্রথম রাউন্ড শেষে হয়তো আমাদেরও এখানে খেলতে হতে পারে, আর প্র্যাকটিস ম্যাচ তো আছেই। এখানে পাঁচ-ছয়টা ম্যাচ খেলা মানে ভালো একটা প্রস্তুতি হয়ে যাওয়া’—কাল অনুশীলন শেষে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার আসল কারণটা বললেন ইউসুফ।পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তবে ৩০ জনের প্রাথমিক দলে নাম দেখে ইউসুফ আশাবাদী। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ আছে। ইউসুফের আশা, ডাক পাবেন সেই দলেও, ‘আমি অপেক্ষা করছি নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পাওয়ার। ১২ জানুয়ারি সম্ভবত দল ঘোষণা হবে।’ আর নিউজিল্যান্ড সফরে সুযোগ পাওয়া মানেই তো বিশ্বকাপের ১৫ জনের দলেও থাকা! ‘নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জানুয়ারি, আর বিশ্বকাপের দল দিতে হবে ১৯ জানুয়ারির মধ্যে। কাজেই নিউজিল্যান্ড সিরিজের দলটাই হয়তো বিশ্বকাপের দল হবে’—বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা অঙ্ক কষেই দেখালেন ইউসুফ।সুযোগ যদি শেষ পর্যন্ত পান, ২০১১ বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ ধরে নিয়েছেন ইউসুফ। কাল সেই ঘোষণা দিয়েও দিলেন ৪ নম্বর মাঠে বসে, ‘১৫ জনের দলে থাকলে বাংলাদেশে খেলে যাওয়াটা আমার কাজে লাগবে। দলে থাকলে এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ হবে। চেষ্টা করব ভালো খেলে শেষ বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে।’কিন্তু যদি নিউজিল্যান্ড সফর বা বিশ্বকাপ, কোনো দলেই সুযোগ না হয়? হয়তো ঢাকার ক্রিকেটেই আবার দেখা যাবে পাকিস্তানের ইউসুফকে। মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান লুৎফর রহমান (বাদল) দিলেন এমন আভাসই, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ না পেলে হয়তো সুপার লিগে আমরা আবারও তাকে আনব।’ আগামীকালই ঢাকা ছাড়তে যাওয়া ইউসুফের জায়গায় আসবেন আজহার মেহমুদ। পাকিস্তানের এই অলরাউন্ডারের চলে আসার কথা ছিল কালই, এখন তিনি ৯ জানুয়ারি আসবেন বলে জানিয়েছেন লুৎফর রহমান। পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে মোহামেডানের।বিশ্বকাপের প্রাথমিক দলে নেই সানিয়াপতি, মালিকের জন্য আসাটা তাই সহজ। তবে ইউসুফের সামনে অদূর ভবিষ্যৎটা দুলছে পেন্ডুলামের মতো। সেটা অবশ্য ব্যক্তি ইউসুফ বা ক্রিকেটার ইউসুফ, কারও একাগ্রতায়ই চিড় ধরাতে পারছে না। পারার কথাও নয়, ভবিষ্যৎটা যে তিনি ছেড়ে দিয়েছেন একজনের হাতেই, ‘সবই আল্লাহর হাতে। আমি তাঁর ওপর সবই ছেড়ে দিয়েছি। আল্লাহ যদি চান আমাকে ১৫ জনের দলে সুযোগ দেবেন, কেউ আটকাতে পারবে না।’