শেষ ভাবছে না স্পেন
এ হারের কোনো অজুহাত নেই। হয় না আসলে। ব্রাজিল সেই সুযোগই দেয়নি স্পেনকে। শুরু থেকে শেষ পর্যন্ত সেলেসাওদের দাপটে অসহায় হয়ে ছিল ভিসেন্তে দেল বস্কের দল। বিশ্ব চ্যাম্পিয়ন দলের কোচও তাই চেষ্টা করলেন না পরাজয়ের কোনো অজুহাত দাঁড় করানোর। বরং মারাকানায় দোর্দণ্ড প্রতাপে নতুন ব্রাজিলের আগমনী বার্তা শোনানো স্কলারির দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। তাঁর দলের খেলোয়াড়েরাও।টিকি-টাকা ফুটবল খেলেই একসময় ইউরোপ জয় করেছিল স্পেন। বিশ্বকে করেছিল নিজেদের পদানত। কিন্তু গত চ্যাম্পিয়নস লিগের দুই লেগেই বার্সেলোনাকে লজ্জাজনকভাবে হারিয়ে বায়ার্ন মিউনিখ দেখিয়েছিল টিকি-টাকার জয়রথ থামানোর মন্ত্র জেনে গেছে তারা। কনফেডারেশনস কাপের ফাইনালে স্পেনকে হারিয়ে সেই সত্যটাই যেন আরও একবার সামনে নিয়ে এল ব্রাজিল। তবে কি সত্যিই দিন শেষ হয়ে এল টিকি-টাকার? ভেঙে গেল এত দিন ধরে তিল তিল করে গড়ে তোলা স্পেনের সাম্রাজ্য? এটা মানতে রাজি নন দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করা সার্জিও রামোস, ‘আমাদের একদিন না একদিন হারতে হতোই। আমরা তো আর রোবট নই।’ এক ম্যাচে পরাজয় মানেই স্পেন শেষ হয়ে গেছে বলে মনে করেন না অধিনায়ক ইকার ক্যাসিয়াসও, ‘আমাদের আজকের রাতটা খারাপ গেছে। কিন্তু যদি কেউ ভেবে থাকে যে আমাদের দলটা শেষ তাহলে তার আরও একবার ভাবা উচিত।’মাত্র দুই মিনিটেই ফ্রেডের গোলে পিছিয়ে গিয়েছিল স্পেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি ইনিয়েস্তা-জাভি-পেদ্রোরা। শুরুর সেই ধাক্কাসহ পরের গোলগুলোকে দুর্ভাগ্যজনক মনে করলেও এগুলোকে হারের কারণ হিসেবে দেখতে রাজি নন দেল বস্ক, ‘ম্যাচের শুরুতে, প্রথমার্ধের শেষ দিকে আর দ্বিতীয়ার্ধের শুরুতে আমাদের ভাগ্যটা খারাপ ছিল। কিন্তু আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না, কারণ ওরা (ব্রাজিল) আসলেই ভালো খেলেছে।’ ফাইনালের পর স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে দেওয়া সাক্ষাৎকারেও তাই স্বীকার করেছেন পুরো ম্যাচেই ব্রাজিলের এগিয়ে থাকার কথা, ‘ওরা আমাদের চেয়ে বেশি উজ্জীবিত ছিল এবং মাঠে ওদের প্রতিটি পদক্ষেপেই সেটা বোঝা গেছে।’ কোচের কথার প্রতিধ্বনি রামোসের কণ্ঠেও, ‘কোনো কোনো দিন কিছুই আপনার মনমতো হয় না। শুরু থেকেই এটা ছিল আমাদের জন্য ও রকম একটা দিন।’ স্পেনকে বিস্মরণযোগ্য এমন একটা দিন উপহার দেওয়া ব্রাজিলের প্রশংসায় কার্পণ্য নেই রামোসের, ‘আমাদের অবশ্যই ব্রাজিলকে অভিনন্দন জানানো উচিত, কারণ ওরা দেখিয়েছে স্পেনের সঙ্গে কীভাবে খেলতে হয় এটা ওরা জানে।’স্পেনকে এ রকম একটা হারের স্বাদ দেওয়ার কৃতিত্ব যদি একা কাউকে দিতে হয়, তবে সেটা নেইমারের। কিছুদিন পর থেকেই যিনি খেলবেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে। এটা ভেবেই যেন কিছুটা স্বস্তি নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখা বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের, ‘নেইমার অসাধারণ ফুটবলার। আমি দারুণ আনন্দিত, পরের মৌসুমে ও আমাদের দলে খেলবে।’ এএফপি।