শেষ ভালো চায় রিয়াল
সোমবারে বার্সেলোনার ট্রফি নিয়ে উল্লাস নিশ্চয়ই তাদের বুকে শেল বিঁধিয়েছে। তারও আগে ‘লা ডেসিমা’র স্বপ্ন আরেকবার সেমিফাইনালে গিয়ে হোঁচট খেয়েছে। চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপার অপেক্ষা বেড়েছে অন্তত আরও এক বছরের জন্য। এরই মধ্যে ক্লাবে বিভেদের ফাটল, হোসে মরিনহোর চলে যাওয়ার গুঞ্জন। অস্থির এই সময়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ আজই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। কোপা ডেল রের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।এই শতাব্দীতে রিয়ালকে হারাতে পারেনি অ্যাটলেটিকো। তার ওপর খেলাটি আজ রিয়ালেরই মাঠে। দুই দলই চেয়েছিল মাদ্রিদের খেলাটা মাদ্রিদেই হোক। সে ক্ষেত্রে অ্যাটলেটিকোর ভিসেন্তে ক্যালদেরনের চেয়ে রিয়ালের ৮০ হাজার ধারণক্ষমতার সান্তিয়াগো বার্নাব্যু পেয়েছে ফাইনাল আয়োজনের সুযোগ। মরিনহোর দল এতে বাড়তি কিছু সুবিধা হয়তো পাবে, তবে এই তথ্যও মনে পড়ে যাচ্ছে অনেকের, সর্বশেষ ১৯৯২ সালে দুই দল যখন মুখোমুখি হয়েছিল ফাইনালে, বার্নাব্যুতেই রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো!রিয়ালের বিপক্ষে সুখস্মৃতি হাতড়াতে অবশ্য অ্যাটলেটিকোকে এমনই বহু পেছনের পৃষ্ঠা উল্টাতে হয়। রিয়ালের বিপক্ষে সর্বশেষ ২৫ ম্যাচেই তারা জেতেনি। সর্বশেষ জয়টি লিগে, ১৯৯৯ সালের অক্টোবরে। ওই মৌসুমে আবার বাজে খেলে দ্বিতীয় বিভাগে নেমে যায় অ্যাটলেটিকো। নিজেদের মাঠে ২০০২ কাপ ফাইনালেও তারা হেরেছিল, দেপোর্তিভোর কাছে।ডিয়েগো সিমিওনে কোচ হয়ে আসার পর শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে ওঠা অ্যাটলেটিকো অবশ্য পরিসংখ্যান বা অতীত থেকে হতাশা বা প্রেরণা কোনোটাই খুঁজতে চাইছে না। মাদ্রিদের দক্ষিণের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করা ক্লাবটিকে এমনিতেই তাতিয়ে রাখবে রাজপ্রতিনিধি রিয়ালের বিপক্ষে নিজেদের অতীত ইতিহাস। ক্রিস্টিয়ানো রোনালদোও তাই বলছেন, ‘এটা আমাদের জন্য অদ্ভুত একটা ফাইনালই হতে চলেছে। কারণ আমরা নিজেদের মাঠে খেললেও সমর্থকেরা থাকবে দুই দলেরই অর্ধেক-অর্ধেক।’২০১১ সালে রোনালদোর অতিরিক্ত সময়ে করা হেডেই বার্সার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে শিরোপা জিতেছিল রিয়াল। রিয়ালের কোচ হয়ে আসার প্রথম মৌসুমেই এই ট্রফিটি জিতেছিলেন মরিনহো। এই ট্রফি দিয়েই তাঁর জন্য শেষটা টেনে দেওয়ার সুবর্ণ সুযোগ। রোনালদোও প্রস্তুত, ‘আমরা জানি, স্টেডিয়াম হয়তো বিভক্ত থাকবে। কিন্তু আশা করি, সেরা দলই জিতবে। মাঠে নিজেদের খেলাটা খেলতে পারলে আমরাই জিতব।’শেষ ভালো যার, সব ভালো তার! এএফপি।