শেষ ভালোর আশা
কিছুই যখন হলো না, শেষটা হোক। সিরিজের শেষ ম্যাচ। বছরেরও শেষ। মুশফিকুর রহিম চান, এই শেষটা হোক মনে রাখার মতো। ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ পাকিস্তান সিরিজ থেকে শেষ এবং একমাত্র প্রাপ্তি বাংলাদেশ অধিনায়ক চাচ্ছেন আজ থেকে শুরু ঢাকা টেস্টে।শেষ ম্যাচের আগে মুশফিক যেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সেনাপতি। কিংবা টাইটানিকের সেই কাপ্তান এডওয়ার্ড স্মিথ। প্রায় ডুবন্ত জাহাজের হুইল ধরে শেষবারের মতো চেষ্টা করছেন কী করে এড়ানো যায় বরফের প্রকাণ্ড চাঁই। পাকিস্তান সিরিজকে শতভাগ ব্যর্থতার সিরিজ হওয়ার হাত থেকে বাঁচাতে এখন শুধু শেষ টেস্টটাই ‘হুইল’ হয়ে আছে মুশফিকের হাতে। সতীর্থদের প্রতি অধিনায়কের আহ্বান—চলো, শেষ চেষ্টা করি।‘যার শেষ ভালো, তার সবই ভালো। এই সিরিজে আমাদের কিছুই ভালো হয়নি। শেষটা ভালো করতে পারলে একটা ভালো স্মৃতি থাকবে। পরবর্তী আন্তর্জাতিক সিরিজের সময় অন্তত বলতে পারব, শেষ ম্যাচটা ভালো খেলেছিলাম’—কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আশার জাল বুনলেন মুশফিক।বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শেষ দৃশ্য নিয়ে মুশফিক আশাবাদী। আশাবাদী কারণ, এখন পর্যন্ত এই সিরিজে তাঁর ভান্ডারে সাফল্যের একটি কড়িও জমা পড়েনি। যার কিছুই নেই, তার তো আশাই থাকে! মুশফিক সেটাকেই নিচ্ছেন বড় শক্তি হিসেবে, ‘আমাদের আর হারানোর কিছু নেই। যদি কিছু থাকে, সবই পাওয়ার। দলের সবাই জানে এটা। আমাদের ওপর কোনো চাপ নেই। একটাই চিন্তা থাকবে, এটা শেষ ম্যাচ। আমরা আমাদের সেরাটা দেব।’এই প্রতিজ্ঞায় মুশফিকদের অনুপ্রেরণা জোগাচ্ছে বিজয় দিবসের চেতনা। বিজয়ের মাসে, বিজয় দিবসের ঠিক এক দিন পর শুরু টেস্টে ভালো কিছু করতে পারলে সেই অর্জন শহীদদের প্রতি উৎসর্গের আগাম ঘোষণা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আজ (গতকাল) বিশেষ একটা দিন আমাদের জন্য। সেটা আমাদের অনুপ্রাণিত করছে। আমরা জানি, এই দিনের বা এই মাসের মর্যাদা কত বেশি। তাঁদের (শহীদদের) স্মরণেও যদি ভালো কিছু করতে পারি, সেটা তাঁদেরই উৎসর্গ করব।’পাকিস্তানের মতো উত্তুঙ্গ আত্মবিশ্বাসী একটা দলের বিপক্ষে বাংলাদেশের মতো দলের সেরা সামর্থ্যও কম হয়ে যায় অনেক সময়। মুশফিকের ক্যালকুলেটরও বলছে, ‘এ রকম দলের বিপক্ষে এক শ ভাগের বেশি দেওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত মনে হয় আমরা ষাট ভাগও খেলতে পারিনি।’ সেটার কারণ মূলত দলের সেরা খেলোয়াড়দের ব্যর্থতা, অন্তত অধিনায়কের মত সে রকমই, ‘সমস্যা হলো, আমরা অনেক খেলোয়াড় একসঙ্গে পারফরম করতে পারছি না। দলের সেরা খেলোয়াড়েরা এই সিরিজে ভালো করতে পারছে না। এটাই মূল কারণ। এত বড় দলের বিপক্ষে মূল খেলোয়াড়েরা ভালো না খেললে তরুণদের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’একের পর এক ব্যর্থতা সিরিজের প্রায় প্রতি ম্যাচেই অদলবদল ঘটিয়েছে দলে। পরিবর্তন আছে দ্বিতীয় টেস্টের দলেও। শুধু পরিবর্তন কেন, আনুষ্ঠানিকভাবে ১৪ জনের দলটা জানাই তো গেল পরশু রাতে! বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য এসব দেখে দেখে অভ্যস্ত। অন্তত মাইক্রোফোনের সামনে মুশফিকও সমস্যা বললেন না এটাকে, ‘আমাদের দলে যে এর আগে এ রকম হয়নি, তা নয়। আমরা এগুলোতে অভ্যস্ত। এসব বাদ দিয়ে দলের সবাই এখন পুরোপুরি টেস্ট ম্যাচ নিয়ে মনোযোগী। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। সেদিকে মনোযোগ দিচ্ছি।’চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ। অথচ ওখানেও ব্যাটিং বিপর্যয়ই দেখেছে বাংলাদেশ! সেই দুঃস্মৃতি মাথায় রেখেই ঢাকায় ঘুরে দাঁড়ানোর স্লোগান দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘গত ম্যাচে আমাদের ভালো ব্যাটিং করা উচিত ছিল। চট্টগ্রামে এই প্রথম এত সুন্দর ব্যাটিং উইকেট দেখলাম, যেখানে বাড়তি টার্ন ছিল না। পেসারদের জন্যও সাহায্য ছিল না। কিন্তু যেসব শট টেস্টে দরকার নেই, সেসবও আমরা খেলেছি। এ নিয়ে আলোচনা হয়েছে। আশা করি, সবাই ভুল শোধরাবে।’কিছু না হারানোর ম্যাচে এ রকম টুকরো টুকরো প্রাপ্তিযোগই বড় করে তুলতে পারে অর্জনের লাল-সবুজ ক্যানভাসটাকে।