শেষ মিনিটে মিঠুন-ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতে মিনিট খানেক বাকি। বক্সের কোনায় দাঁড়ানো মিঠুনের জোরালো শট মোহামেডান গোলরক্ষক মামুনের মাথার ওপর দিয়ে জালে। শেষ মিনিটে গোল খেয়ে হতভম্ব মোহামেডানের খেলোয়াড়েরা। ততক্ষণে জয়ের আনন্দে মিঠুনকে নিয়ে উল্লাসে ফেটে পড়েছেন শেখ রাসেলের সতীর্থরা।
প্রিিময়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের শেষ ম্যাচটি যতটা না গুরুত্বপূর্ণ ছিল শেখ রাসেলের, তার চেয়েও বেশি মোহামেডানের। লিগের প্রথম পর্বে চতুর্থ স্থানে থাকা সাদা-কালোরা কাল জিতলে আবাহনীকে টপকে উঠে যেত দুইয়ে। কিন্তু শেষ মিনিটের গোলে হেরে পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে।
অন্তত ড্র করতে পারত মোহামেডান। ৭৯ মিনিটে বেইবেক লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বেইবেকের ভুলের মাশুলই যেন গুনল মোহামেডান। রেফারি আজাদ রহমান প্রথমে হলুদ কার্ড দেখালে রাগে-ক্ষোভে কার্ড ধরে টান মারেন বেইবেক। পরক্ষণেই লাল কার্ড দেখান রেফারি। বেইবেক মাঠ ছাড়ার কিছুক্ষণ আগেই চোট পেয়ে উঠে যান হেনরি। এরপরই মোহামেডানের রক্ষণ হয়ে পড়ে দুর্বল। সুযোগটা কাজে লাগিয়ে ১০ জনের মোহামেডানকে হারিয়েছে গতবারের ট্রেবলজয়ীরা।
পুরো ম্যাচে অবশ্য দুই দলই সুযোগ পেয়েছে হাতে গোনা কয়েকটি। ৭৮ মিনিটে সবুজ এবং ৮৭ মিনিটে এমিলি যে দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন তা দেখে কোচ রুই ক্যাপেলা ক্ষুব্ধ, ‘কেন যে ওরা এমন সুযোগ কাজে লাগাতে পারেনি, তা বুঝলাম না। আমাদের দুর্ভাগ্য এমন ম্যাচ জিততে পারলাম না। জয়টা আমাদের খুব দরকার ছিল।
জয়ের পর শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বললেন, ‘প্রথম পর্বে এই মোহামেডানের বিপক্ষে আমাদের অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছিল৷ অাজ আমরা প্রতিশোধ নিতে পারলাম৷’ দ্রাগান দুকানোভিচের দায়িত্ব নেওয়ার পর শেখ রাসেলের এটা দ্বিতীয় জয়। ১৪ জুন শুরু তৃতীয় পর্বে ভালো করার আত্মবিশ্বাস পেলেন মন্টেনেগ্রিয়ান কোচ৷
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় ড্র হার পয়েন্ট
শেখ জামাল ১৮ ১২ ৬ ০ ৪২
আবাহনী ১৮ ৯ ৭ ২ ৩৪
মোহামেডান ১৮ ৯ ৫ ৪ ৩২
ব্রাদার্স ১৮ ৮ ৫ ৫ ২৯
মুক্তিযোদ্ধা ১৮ ৭ ৬ ৫ ২৭
শেখ রাসেল ১৮ ৬ ৬ ৬ ২৪
বিজেএমসি ১৮ ৫ ৪ ৯ ১৯
উত্তর বারিধারা ১৮ ২ ৬ ১০ ১২
ফেনী সকার ১৮ ১ ৮ ৯ ১১
চট্টগ্রাম আবাহনী ১৮ ১ ৭ ১০ ১০