
ম্যাচের তখন মিনিট খানেক বাকি। স্কোর লাইন ২-২। পয়েন্ট হারানোর শঙ্কায় কাঁপছিল শিরোপাপ্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি। অন্তত একটা পয়েন্ট পাওয়ার স্বপ্নে বিভোর ব্রাদার্স। ঠিক এমন সময়ই ব্রাদার্সের জন্য বজ্রাঘাত। ড্র করতে করতে শেষ পর্যন্ত জয় নিয়েই ফিরল শেখ জামাল।
ওয়েডসনের জোরালো শট প্রথম চেষ্টায় আটকান ব্রাদার্স গোলরক্ষক সুজন। কিন্তু মুহূর্তেই তা বেরিয়ে যায় তাঁর দু পায়ের ফাঁক গলে। হতভম্ব সুজন ডাইভ দিয়ে চেষ্টাও করেছিলেন। কিন্তু ততক্ষণে বল গড়িয়ে জালে। বেচারা গোলরক্ষক চেয়ে চেয়ে দেখলেন দলের হার।
অথচ একসময় জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল ব্রাদার্স। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে সমতায় ফিরে এগিয়েও যায়। ৫৯ মিনিট পর্যন্ত ব্রাদার্স ২-১ গোলে এগিয়ে ভালোই চোখ রাঙাচ্ছিল শেখ জামালকে। এই অবস্থা থেকে জয় না হোক, অন্তত একটা পয়েন্ট পেতেই পারত সৈয়দ নঈমুদ্দিনের দল। কিন্তু দুর্ভাগ্য, খালি হাতেই ফিরেছে ব্রাদার্স।
১৭ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় শেখ জামাল। ওয়েডসনকে বক্সে ফেলে দেন ব্রাদার্সের ইউসুফ। পেনাল্টিতে গোল করেন সনি নর্দে। আক্রমণ আর পাল্টা আক্রমণে এরপর বেশ জমে উঠেছিল ম্যাচ। ২০ মিনিটে অসাধারণ ভলিতে স্কোর ১-১ করলেন ব্রাদার্সের নাইজেরিয়ান মিডফিল্ডার সিমন এজেওদিকা। ৫০ মিনিটে জায়গা ছেড়ে অনেকখানি বেরিয়ে আসা শেখ জামাল গোলরক্ষক মাজহারুলের মাথার ওপর দিয়ে বল তুলে দেন কেস্টার (২-১)।
দশ মিনিট পরই শেখ জামালকে সমতায় ফেরান ওয়েডসন (২-২)। ম্যাচের শেষ মিনিটে জয় নিশ্চিত গোল করে দিনের নায়কই হয়ে গেলেন হাইতির এই ফরোয়ার্ড। এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই শিরোপাপ্রত্যাশী শেখ জামাল। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ১৯। আকাশি-নীলেরা অবশ্য একটা ম্যাচ কম খেলেছে।
লিগের প্রথম পর্বে এই ব্রাদার্সকে ৪-১ গোলে হারিয়েছিল শেখ জামাল। কিন্তু কাল কষ্ট করেই জিততে হলো। তবে কোচ আপুসি বলছেন, ‘ব্রাদার্সকে খাটো করে দেখার কিছু নেই। কখনোই হেরে যাব, এমনটা ভাবিনি। দিন শেষে ৩ পয়েন্ট পেয়েছি, এটাই বড় কথা।’ ব্রাদার্স কোচ নঈমুদ্দিন হারের জন্য খেলোয়াড়দেরই দুষলেন, ‘আমরা খুবই ভালো খেলেছি। কিন্তু ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুলে বাজে দুটি গোল হজম করেছি।’
কোচ যতই খেলোয়াড়দের দোষ দিন, সমর্থক ও ক্লাব কর্মকর্তারা ম্যাচ শেষে ঘিরে ধরলেন রেফারি ও সহকারী রেফারিকে। সমর্থকদের দাবি, নির্ধারিত সময়ের চেয়ে বেশি খেলিয়েছেন রেফারি। গোলটা এ জন্যই হয়েছে। ওই সময় সামান্য উত্তেজনা ছড়িয়েছে। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় মাঠ ছাড়েন রেফারি ও তাঁর সহকারীরা।
আজকের খেলা
আবাহনী-ফেনী সকার
(বিকেল ৫-৩০ মিনিট
বঙ্গবন্ধু স্টেডিয়াম)