শেষ মিনিটের গোলে সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের বাকি মাত্র ২০ সেকেন্ড। ডি-বক্সের প্রায় ৫০ মিটার দূরে নেপালের রবিন শ্রেষ্ঠাকে অবৈধভাবে ফেলে দিলেন মামুন মিয়া। দুর্ভাগ্য যেন ওত পেতে ছিল। ফ্রি-কিক নিলেন নেপালের অধিনায়ক সাগর থাপা। ফ্লাইট বুঝতেই পারলেন না গোলরক্ষক সোহেল। রংধনুর মতো বেঁকে বল ঢুকল জালে। ফ্রি-কিকটা যেন মনে করিয়ে দিচ্ছিল ২০০২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদিনহোর কথা।ততক্ষণে জওহরলাল নেহরু স্টেডিয়ামের হাজার খানেক নেপালি দর্শক ফেটে পড়েছে উল্লাসে। নেপালিদের উল্লাসে যোগ দিতে গ্যালারির কাছে চলে গেল পুরো দল। নেপালিরা যখন আনন্দ-উচ্ছ্বাসে ভাসছিল, তখন মাথা নিচু করে মাঠ ছাড়ছিলেন সুজন, আরিফুল, মিঠুনরা।ইনজুরি সময়ের গোলে হার। বাংলাদেশ নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। এই হারে বাংলাদেশের শেষ চারে ওঠার স্বপ্নও অনেকটা ধূসর হয়ে গেল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ চারে ওঠার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল এখন নেপালের।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র, এরপর নেপালের কাছে হার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে। বাংলাদেশের জন্য বড্ড কঠিন হয়ে গেল কাজটা।নেপালের বিপক্ষে সাফে এর আগের চারটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সর্বশেষ নেপালের কাছে বাংলাদেশ হেরেছিল ১৯৯৩ সালে, ঢাকায় সাফ গেমসে। ১৮ বছর পর আবারও নেপালের কাছে হারের হতাশায় ডুবল লাল-সবুজরা।অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে বসিয়ে নিকোলা ইলিয়েভস্কি এই টুর্নামেন্টে অভিষেক ঘটিয়েছেন তরুণ সোহেলের। দুই ম্যাচেই কোচের আস্থার প্রতিদান দিচ্ছিলেন ভালোমতোই। কালও বেশ কয়েকটা দুর্দান্ত সেভ করেছেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল হজমে একেবারে মুষড়ে পড়েছেন আবাহনীর তরুণ। কোচের কথায়, পঞ্চাশ বারের ফ্রি-কিকেও এমন গোল সচরাচর একবারই দেখা যায়।ম্যাচের প্রথমার্ধে যেন খোলসের মধ্যে লুকিয়ে ছিল বাংলাদেশ। অসংখ্য ভুল পাস। মাঝমাঠ এলোমেলো। জ্বরের কারণে কাল খেলতে পারেননি মিডফিল্ডার মামুনুল। তাঁর অভাবটা ভালোমতোই টের পেলেন কোচ। যদিও ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বেশ কয়েকবার নেপালের রক্ষণে ঢোকার চেষ্টা করেছেন নাসির। কিন্তু সে পর্যন্তই। স্ট্রাইকাররাও নিষ্প্রভ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা—গোল করার মতো স্ট্রাইকারের বড়ই অভাব। দলের সবচেয়ে অভিজ্ঞ এমিলি আর মিঠুন—কোচ কারোর ওপরই আস্থা রাখতে পারছেন না পুরোপুরি। তাই তো প্রথমার্ধে এমিলিকে খেলালেও দ্বিতীয়ার্ধে খেলান মিঠুনকে। কালও এর ব্যতিক্রম হলো না। কিন্তু গোল নামের সোনার হরিণ অধরাই থেকে গেল বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল যতটা আক্রমণাত্মক খেলেছে, বাংলাদেশ খেলেছে ততটাই রক্ষণাত্মক। বিপদ হতে পারত ৪২ মিনিটে। বক্সে ঢুকে পড়া অনিল গুরংকে সামলাতে এগিয়ে আসেন সোহেল। তাঁকে ফাঁকি দিয়ে জালের দিকেই এগোচ্ছিল বল, কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডার আরিফ সে যাত্রায় বাঁচিয়ে দেন। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ছিল গোল করার চেষ্টা। তবে ৭৬ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন মিশু। মিঠুনের ক্রস থেকে মিশু পা ছোঁয়াতেই পারলেন না। কোচের দাবি, পেনাল্টি পেতে পারত বাংলাদেশ। পেনাল্টি-বঞ্চিত করেছেন রেফারি। ৯০ মিনিটে নিরাঞ্জনের হাতে বল লাগলেও তিনি পেনাল্টি দেননি।কিন্তু দিন শেষে এসব ভেবে লাভ কী? গোলের খেলা ফুটবলে গোলমুখ তো খুলতে পারছে না বাংলাদেশ।বাংলাদেশ দলে যারা খেলেছেন: সোহেল, আরিফ, রেজাউল, নাসির, মামুন, প্রাণতোষ, কোমল, আলমগীর (ইমন), তৌহিদ (সুজন), মিশু, এমিলি (মিঠুন)।মালদ্বীপ-পাকিস্তান ড্রসাফ ফুটবলে কাল পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গতবারের ফাইনালিস্ট মালদ্বীপ। এই ড্রয়ে বাংলাদেশের শেষ চারে ওঠার একটা সম্ভাবনা টিকে রইল। আগামীকাল নেপাল যদি পাকিস্তানকে হারায় এবং বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে জেতে, তবেই বাংলাদেশের সম্ভাবনা থাকবে।