শেষ মিনিটের পেনাল্টিতে ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত পেনাল্টি থেকে বলেই কিনা গোলের পরও এমিলির মুখখানা মলিন। তবে সমতা ফেরানোর আনন্দটা ফুটে উঠল মোহামেডানের নাইজেরিয়ান খেলোয়াড় চার্লসের মুখে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ।  প্রথম আলো
বিতর্কিত পেনাল্টি থেকে বলেই কিনা গোলের পরও এমিলির মুখখানা মলিন। তবে সমতা ফেরানোর আনন্দটা ফুটে উঠল মোহামেডানের নাইজেরিয়ান খেলোয়াড় চার্লসের মুখে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে । প্রথম আলো

শেষ বাঁশি বাজতে মিনিট চারেক বাকি। এনকেওচা কিংসলের গোলে তখন এগিয়ে মুক্তিযোদ্ধা। মোহামেডান গ্যালারিতে পিনপতন নীরবতা। বাকি সময়ে গোল শোধের জন্য মরণকামড় মোহামেডানের। উৎসবের অপেক্ষায় মুক্তিযোদ্ধার খেলোয়াড়-কর্মকর্তারা। এমন সময় রেফারির ‘বিতর্কিত’ পেনাল্টির বাঁশি! পেনাল্টি থেকে এমিলি গোল করলেন, শেষ পর্যন্ত হার এড়াতে পারল মোহামেডান। কয়েক সেকেন্ড পরই শেষ খেলা। ড্র দিয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগে যাত্রা শুরু হলো সাদা-কালোদের।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের কালকের ম্যাচে মোহামেডান হার এড়ানোয় পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপেলা বাতিস্তাও বাঁচলেন হাঁফ ছেড়ে। আরেকটু হলেই নতুন চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় আসা কোচের শুরুটা যে হতো পরাজয় দিয়ে! কাগজে-কলমে মুক্তিযোদ্ধা এগিয়ে থাকলেও মাঠে কাল মোহামেডানই ছিল শ্রেয়তর দল। তবে অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিক রণকৌশলের শ্রেষ্ঠত্বে দিনটিকে নিজেরই করে নিতে যাচ্ছিলেন। শেষ মুহূর্তের ওই পেনাল্টি গোলটাই তা হতে দিল না। তবে রেফারির ওই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে যথেষ্ট আপত্তি তুলেছেন মুক্তিযোদ্ধার কোচ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল মোহামেডানের। টানা পাঁচ-ছয়টা পাসে খেলা। মাটিতে বল রেখে আক্রমণে ওঠার চেষ্টা। জোনাল মার্কিংয়ে বিপক্ষকে রুখে দেওয়ার চেষ্টাও ছিল লক্ষণীয়। কিন্তু গোলমুখে গিয়েই খেই হারিয়ে ফেলছিলেন মোহামেডান ফরোয়ার্ড ওয়াহেদ ও জাহিদ। ওয়াহেদ দৃষ্টিকটু কিছু মিস করেছেন, ভুল পাসও করেছেন। ম্যাচের ৩৭ মিনিটে মুক্তিযোদ্ধার গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে একা পেয়েও এমিলি বল তুলে দেন বারের ওপর।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল মোহামেডান। এ সময় প্রতি-আক্রমণ থেকেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা ছিল মুক্তিযোদ্ধার। তবে শেষ ১০ মিনিট মুক্তিযোদ্ধার আক্রমণ সামলাতে জেরবার হয়েছে মোহামেডান রক্ষণ। ৭৯ মিনিটে মুক্তিযোদ্ধার কিংসলের শট ক্রসবারে লেগে ফেরে, অবশ্য তার আগে বাজে অফসাইডের বাঁশি। আর ৮৬ মিনিটে ওই কিংসলেই মুক্তিযোদ্ধার নায়ক। এবার দুই ডিফেন্ডারের মাঝে দাঁড়ানো এই নাইজেরিয়ান স্ট্রাইকার মোহামেডানের আগুয়ান গোলরক্ষক মামুন খানকে ফাঁকি দিয়ে ডান পোস্টে পাঠান বল (১-০)। গোল খেয়ে জ্বলে ওঠে মোহামেডান। এর পরই সেই পেনাল্টি! যোগ হওয়া সময়ে বক্সের মধ্যে এমিলি বল বাড়িয়েছিলেন জাহিদকে। পেছন থেকে বল দখলের চেষ্টা করেন বেঞ্জামিন। বল ধরতে পারেননি কেউই। কিন্তু রেফারি মিজানুর রহমানের চোখে ধুলা দিয়ে মাটিতে পড়ে পেনাল্টি আদায় করেন জাহিদ! এমিলির পেনাল্টি গোলে সমতায় ফেরে মোহামেডান (১-১)।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার কোচ দুষেছেন রেফারিকে, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এভাবে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ড্র করতে হলো। রেফারির ওই সিদ্ধান্ত আমার কাছে ভুল মনে হয়েছে। রেফারির সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’ শেষ পর্যন্ত একটা পয়েন্ট পেয়েই বর্তে গেছেন ক্যাপেলা, ‘আমার জন্য এটা একটা ভালো অভিজ্ঞতা। দলটাকে বুঝতে আরও এক সপ্তাহ দরকার। তবে আজ ছেলেরা ভালোই খেলেছে। শুধু কয়েকটা গোলের সুযোগ নষ্ট করেছে। আসলে এটাই ফুটবল। তা ছাড়া মুক্তিযোদ্ধাও যথেষ্ট শক্তিশালী দল।’