খেলাটি অনেকদিন মনে রাখবেন নিউজিল্যান্ডের সমর্থকরা। ১-০ গোলে এগিয়ে থেকে স্লোভাকিয়া যখন বিশ্বকাপের প্রথম আবির্ভাবেই জয়ের স্বপ্নে বিভোর, ঠিক তখনই খেলার অন্তিম লগ্নে গোল শোধ দিয়ে দেওয়ার আনন্দ কীভাবে ভোলেন নিউজিল্যান্ডের খেলোয়াড় ও সমর্থকরা।খেলার ৪৯ মিনিটের সময় স্তানিসলাভ সেসতাকের ক্রসে রবার্ট ভিতেকের গোলে এগিয়ে গিয়েছিল স্লোভাকিয়া। সেই গোলটি ধরে রাখার জন্য সর্বশক্তি নিয়েই নিউজিল্যান্ডের ওপর চড়াও ছিল দলটি। কিন্তু শেষরক্ষা হল না। খেলার একেবারে শেষলগ্নে বাঁ-প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে মাথা ছুঁইয়ে জালে জড়িয়ে দেন উইনস্টন রিড। ঘটনার আকস্মিকতায় একেবারে বিমূঢ় হয়ে যান স্লোভাক খেলোয়াড় ও কর্মকর্তারা। জয়ের একেবারে দ্বারপ্রান্তে থেকেও জয়ের স্বাদটা পাওয়া হলনা তাঁদের।এদিকে, বিশ্বকাপে অনেকদিন পর খেলতে আসা নিউজিল্যান্ডের জন্য ম্যাচটা ছিল স্মরনীয়। ‘এফ’ গ্রুপেরএই ম্যাচে চারমিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারতো কিউইরা। সাইমন এলিয়টের চমত্কার একটি ফ্রি-কিক থেকে ক্রিস কিলেনের দুর্বল হেডের বল স্লোভাকিয়ার গোলরক্ষক ইয়ান মুচা সহজেই প্রতিহত করেন।এর কিছুক্ষণ পরেই স্লোভাকিয়ার ভ্লাদিমির ওয়েইসের তীব্র শট নিউজিল্যান্ডের গোলরক্ষক মার্ক প্যাস্টন কোনোমতে রক্ষা করেন। স্লোভাকদের আরো একটি গোলের সুযোগ আসে খেলার ৩২ মিনিটের সময়। সেই ওয়েইসের পাস থেকে স্তানিসলাভ সেসতাক বল পোস্টের বাইরে মেরে সুযোগটি নষ্ট করেন।