শেষ মুহূর্তে অনেক নাটকীয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী সালাউদ্দিন তাঁর কক্ষ থেকে বেরিয়ে ওপরের তলায় যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে। সঙ্গী বাফুফের বর্তমান কমিটির অন্যরা। বর্তমান কমিটিতে কিছু কাটছাঁট করে শেষ পর্যন্ত একটা ঐক্য পরিষদ জমা দেবেন সালাউদ্দিন। বাদল রায়দের সঙ্গে কাগজ-কলমে তাঁর ঐক্য হয়েছে। এমন সময় ডাক পড়ল হারুনুর রশিদ কোথায়?ঐক্য-প্রক্রিয়ার প্রথম উদ্যোক্তা অন্য কক্ষে গিয়ে বসে আছেন। ওদিকে সালাউদ্দিন ‘বরযাত্রী’র মতো কয়েক মিনিট দাঁড়িয়ে হারুনের জন্য। হারুন অভিমান করেছেন। তিনি যাবেন না মনোনয়নপত্র জমা দিতে। যদিও তাঁর মনোনয়নপত্র এই বহরের সঙ্গেই সদস্য পদে জমা দেওয়া হয়েছে। তবে কোথায় যেন সুর-তাল কেটে যাচ্ছিল। বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনে এই পর্বটা আলাদা করে চোখ কাড়ল সবার।থাকল নানা নাটকীয়তাও। যেমন সভাপতি পদে সালাউদ্দিনের বিকল্প নেই বলেও সভাপতি পদে প্রার্থী হলেন জাকারিয়া পিন্টু, আবদুর রহিম। মনোনয়নপত্র জমা দিয়ে বাফুফের সাবেক সহসভাপতি এবং রাজনীতিক আবদুর রহিম দাবি করলেন, গত চার বছরে জেলার ফুটবল নিয়ে কোনো কাজ হয়নি। তাই এবার পরিবর্তন দরকার।সেই স্লোগান শোনা যাচ্ছে অনেকের মুখেই। একদিকে সালাউদ্দিনের নেতৃত্বে ঐক্য পরিষদ। আবার এই পরিষদে জায়গা না পেয়ে অনেকে একজোট হচ্ছেন আলাদা করে। বিপুল আগ্রহের এই নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৭৫টি। জমা পড়েছে ৬৪টি। প্রার্থী ৬২ জন।সালাউদ্দিনের নেতৃত্বে জমা দেওয়া সম্মিলিত পরিষদে সিনিয়র সহসভাপতি এবং সভাপতি পদে আছেন পুরোনোরাই। তাঁরা হলেন সালাম মুর্শেদী, মনজুর হোসেন, বাদল রায়, শওকত আলী খান, কাজী নাবিল আহমেদ। তবে সালাম মুর্শেদীর বিপক্ষে সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন আরও চারজন—আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, বর্তমান কমিটির সদস্য গোলাম রব্বানী হেলাল, নুরুল আলম চৌধুরী ও মোস্তাকুর রহমান।সহসভাপতি পদে ঐক্য পরিষদের বাইরে থেকে প্রার্থী হয়েছেন—খুরশিদ বাবুল, রুম্মন বিন ওয়ালি সাব্বির, আরিফ খান জয়, মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আউয়াল। ১৫টি সদস্যপদের বিপরীতে মোট প্রার্থী ৪৪ জন!বর্তমান কমিটিতে আছেন, কিন্তু ঐক্য পরিষদে নেই—এমন কর্মকর্তা পাঁচজন। খুরশিদ বাবুল, গোলাম রব্বানি হেলাল, আজফার-উজ-জামান সোহরাব, মাহবুবুর রহমান শাহীন ও শফিকুজ্জামান। এঁদের বাইরে রেখে ঐক্য পরিষদ ২৫ জনের নাম জমা দিয়েছে। আরও আলোচনার পর সেখানে ঠাঁই পাবেন ২১ জন। তবে এত দিন ঐক্য পরিষদ থেকে যাঁদের বাদ দেওয়ার কথা বলা হয়েছিল, তাঁদের অনেকেও কথিত ঐক্য পরিষদে আছেন।এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুধু একটি পরিষদই জমা পড়েছে। তবে আরও পরিষদ হতে পারে। একটা পরিষদ করতে ১৬-১৭ জন প্রার্থী নাকি জোগাড়ও হয়ে গেছে। দরকার একজন সভাপতি প্রার্থী। আবদুর রহিম অথবা জাকারিয়া পিন্টুর দিকে তারা হাত বাড়াতে পারে।চারদিকে প্রার্থী জোয়ারের মধ্যে সালাউদ্দিনকে ঘিরে ধরল অসংখ্য টিভি ক্যামেরা। বাফুফের সভাপতি হিসেবে আবার নির্বাচিত হলে তিনটি প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার শোনা গেল তাঁর কণ্ঠে। জেলার ফুটবল, একাডেমি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে এশিয়ার ১৫ নম্বরের মধ্যে আনার অঙ্গীকার করেছেন সালাউদ্দিন।তবে বাফুফে ভবনে জমাট আবহের মধ্যে সালাউদ্দিনের কণ্ঠ অনেকটা হারিয়েই গেল।