শেষ মুহূর্তে কপাল পুড়ল রয়েসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে আর্মেনিয়াকে ৬-১ গোলে জয়ের উদযাপন, অন্যদিকে বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে দলের আক্রমণভাগে এক ফাটল। গোড়ালিতে চোট পাওয়া মিডফিল্ডার মার্কো রয়েসকে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপে জার্মানদের চূড়ান্ত দল। দলে রয়েসের জায়গা নিয়েছেন ২২ বছর বয়সী স্কোড্রান মুস্তাফি। ফ্যালকা-রিবেরিদের পর বিশ্বকাপে তারকা পতনের মিছিলে যুক্ত হলো রয়েসের নাম।
গত মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে মাঝমাঠে আলো ছড়িয়েছিলেন রয়েস। জার্মান দলের জার্সি গায়েও পরিসংখ্যানটা নেহাত মন্দ নয়। এ পর্যন্ত খেলা ২১ ম্যাচে গোল করেছেন ৭টি। বরাবরই আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী জোয়াকিম লো-এর পরিকল্পনায় মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। রয়েসের আকস্মিক প্রস্থান কোচের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে দেবে খানিকটা। এএফপি।