শেষ মুহূর্তে কিছুটা স্বস্তি নিউজিল্যান্ডের

৮৬ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট তুলে নিয়ে হয়তো ব্যাটিংয়ে নামারই মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু আজ হ্যামিল্টন টেস্টের প্রথম দিনের বাকিটা সময় কিউই বোলারদের যারপরনাই হতাশ করেছেন দিনেশ রামদিন ও শিবনারায়ণ চন্দরপল। ষষ্ঠ উইকেটে তাঁদের গড়া ২০০ রানের জুটিটার সুবাদে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের একেবারে শেষভাগে রামদিনকে সাজঘরে ফেরাতে পারাটাই এখন স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিউইদের জন্য। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২৮৯ রান।
আর মাত্র তিনটা ওভার পার করতে পারলেই দিনটা দারুণভাবে শেষ করতে পারতেন রামদিন। কিন্তু নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে একেবারে শেষ মুহূর্তেই তাঁকে সাজঘরমুখী করেছেন কোরে অ্যান্ডারসন। তবে আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ শতকটা ঠিকই পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শতকের কাছাকাছি পৌঁছে গেছেন চন্দরপলও। আগামীকাল দ্বিতীয় দিনে আর মাত্র চারটি রান সংগ্রহ করতে পারলেই ক্যারিয়ারের ২৯তম শতক তুলে নিতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে এই দুজনের ২০০ রানের জুটিটার সুবাদেই মান বাঁচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ হ্যামিল্টন টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আর তাঁর এই সিদ্ধান্তের যৌক্তিকতা দারুণভাবে প্রমাণ করেছিলেন টিম সাউদি, কোরে অ্যান্ডারসনরা। কাইরন পাওয়েলকে ফিরিয়ে শুরুটা করেছিলেন নেইল ওয়াগনার। এরপর ৩২ থেকে ৩৭, এই ছয় ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে ফেলেছিলেন সাউদি আর অ্যান্ডারসন। এই দুই কিউই পেসারের তোপের মুখে পড়ে একে একে সাজঘরে ফিরেছেন ক্রেইগ ব্রেথওয়েট (৪৫), ক্রিক এডওয়ার্ড (৬), মারলন স্যামুয়েলস (০) ও নরসিংহ দিওনারিন (২)। কিন্তু এর পরও রামদিন আর চন্দরপলের লড়াকু ব্যাটিংয়ে ভালোভাবেই লড়াইয়ে টিকে আছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ প্রথম দিনে অ্যান্ডারসনের ঝুলিতে জমা হয়েছে তিনটি উইকেট। দুইটি উইকেট পেয়েছেন সাউদি।