শেষ মুহূর্তে ড্র এড়াল ম্যানইউ
গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দুই যুগ পূর্ণ করলেন অ্যালেক্স ফার্গুসন। এমন একটা দিন তো তিনি জয় দিয়েই উদযাপন করতে চাইবেন। কিন্তু সেটা হতেই দিচ্ছিল না প্রিমিয়ার লিগের নিচের সারির দল উলভস। ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ম্যানইউকে—এমনটা যখন প্রায় নিশ্চিত, তখন শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে নাটকীয় এক গোল করে ফার্গুসনকে জয় উপহার দেন পার্ক জি সুং।ম্যানইউকে প্রথম গোলটাও এনে দেন এ দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধের ৪৫ মিনিটে ড্যারেন ফ্লেচারের পাস থেকে গোল করে এগিয়ে দেন রেড ডেভিলদের। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে খেলায় সমতা ফেরান বদলি হিসেবে নামা উলভস স্ট্রাইকার সিলভান ইবাঙ্কস-ব্লেক। এরপর আরও কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ম্যানইউ। একেবারেই শেষ মুহূর্তে জয়সূচক গোলটা করে তিন পয়েন্ট নিশ্চিত করেন জি সুং।উলভসের বিপক্ষে ম্যানইউয়ের বেশির ভাগ তারকা খেলোয়াড়ই মাঠে নামতে পারেননি ইনজুরি আর অসুস্থতার কারণে। মাইকেল ক্যারিক, ডিমিটার বারবাটোভ, নানি ও রুনি—সবাই ছিলেন দর্শক হয়ে। দীর্ঘদিন পর মাঠে নেমেছিলেন মিডফিল্ডার ওয়েন হার্গেভেজ। কিন্তু পেশিতে টান পড়ায় ১০ মিনিট পর তিনিও চলে যান মাঠের বাইরে। এ অবস্থায় এমন এক নাটকীয় জয়ের জন্য ফার্গুসন যে পার্ক জি সুংয়ের প্রশংসায় পঞ্চমুখ হবেন, এটাই তো স্বাভাবিক। ‘জি আসলেই দারুণ ফর্মে আছে। সাম্প্রতিক সময়ে সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে’, বলেছেন ম্যানইউর কোচ।প্রিমিয়ার লিগের অন্যান্য খেলায় বোল্টন ৪-২ গোলে টোটেনহামকে এবং সান্ডারল্যান্ড ২-০ গোলে হারিয়েছে স্ট্রোক সিটিকে। এভারটন ২-২ গোলে ড্র করেছে ব্ল্যাকপুলের সঙ্গে।—রয়টার্স