শেষ মুহূর্তের গোলে রক্ষা রিয়াল মাদ্রিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসে রদ্রিগেজের (মাঝে) গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ
জেসে রদ্রিগেজের (মাঝে) গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ

গত সপ্তাহে নিচের সারির ক্লাব ওসাসুনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষেও একই পরিণতির দিকেই এগিয়ে যাচ্ছিলেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৮০ মিনিটের পরও খেলায় ছিল ২-২ গোলের সমতা। কিন্তু বদলি হিসেবে মাঠে নামা জেসে রদ্রিগেজের গোলে শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে রিয়াল। ঘাম ঝরিয়ে হলেও ৩-২ গোলের জয় দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট সংগ্রহ করেই ফিরতে পেরেছে প্রতিপক্ষের মাঠ থেকে।

শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য এবার একটু বেশিই ঘাম ঝরাতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। আগের মৌসুমগুলোতে লড়াইটা প্রধানত বার্সেলোনার সঙ্গেই চালাতে হতো। সেখানে এবার নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও এগিয়ে আছে পয়েন্ট তালিকায়। অ্যাটলেটিকো আর বার্সেলোনা, দুই দলই ১৭ ম্যাচ শেষে সংগ্রহ করেছে ৪৬ পয়েন্ট। আর সমানসংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট জমা হয়েছে রিয়ালের খাতায়। গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাই জয়টা না পেলে বেশ খানিকটা পিছিয়েই পড়তে হতো রোনালদো-ডি মারিয়াদের।

ভ্যালেন্সিয়ার মাঠে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল রিয়াল। প্রথম ১৬ মিনিটের মধ্যেই ভ্যালেন্সিয়ার গোলমুখে আক্রমণ চালিয়েছিলেন জাভি আলোনসো ও রোনালদো। সেগুলো থেকে গোল না পেলেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ২৮ মিনিটে একক নৈপুণ্যে দারুণ এক গোল করেন ডি মারিয়া। ভ্যালেন্সিয়ার দুজন ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল জড়িয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

পরের ১২ মিনিট ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণে জমজমাট। ৩৪ মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে খেলায় সমতা ফেরান পাবলো পিয়াত্তি। আর ৪০ মিনিটে এবারের লা লিগার ১৮তম গোলটি করে আবারও রিয়ালকে এগিয়ে দেন রোনালদো।

২-১ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর খেলায় সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভ্যালেন্সিয়ার ফুটবলাররা। সুযোগ এসেও যায় ৬২ মিনিটে। চমত্কার একটি হেড থেকে রিয়ালের জালে বল জড়িয়ে দেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ।

৮২ মিনিট পর্যন্ত এই ২-২ গোলের সমতাই ছিল ভ্যালেন্সিয়ার এসতাদিও স্টেডিয়ামে। কিন্তু শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে বহু কাঙ্ক্ষিত জয়টা উপহার দেন বদলি হিসেবে মাঠে নামা জেসে রদ্রিগেজ।