শেষ মুহূর্তের গোলে শেষ আটে গ্যাবন
ইকুয়েটরিয়াল গিনির পর কোয়ার্টার ফাইনালে উঠে গেল অন্য স্বাগতিক গ্যাবনও। পরশু আফ্রিকান কাপ অব নেশনসে নাটকীয় এক ম্যাচে মরক্কোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সহস্বাগতিকেরা। শেষ আটে ‘সি’ গ্রুপ থেকে গ্যাবনের সঙ্গী হয়েছে তিউনিসিয়া। গ্যাবনের রাজধানী লিব্রেভিলেতে পরশু প্রথম ম্যাচে নবাগত নাইজারকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রায় এক পা দিয়ে রেখেছিল তিউনিসিয়া। পরের ম্যাচে শেষ মুহূর্তের গোলে মরক্কোর হারেই নিশ্চিত হয় ২০০৪ সালের চ্যাম্পিয়নদের নকআউট পর্বে ওঠা। খেলা শুরুর ৩ মিনিটের মাথায় তিউনিসিয়া এগিয়ে যায় ইউসেফ সাকানির গোলে। ৫ মিনিট পরই নেশনস কাপের ইতিহাসে নাইজারের প্রথম গোলটি করেন টোঞ্জি এনগুনু। তবে ম্যাচের একবারে শেষ মিনিটে বদলি খেলোয়াড় ইসাম জেমার গোলেই নাইজারের উৎসবকে ভণ্ডুল করে দেয় তিউনিসিয়া।মরক্কো-গ্যাবনের দ্বিতীয় ম্যাচটিকে চাইলেও বোধ হয় ভুলতে পারবে না গ্যালারির ৪০ হাজার দর্শক। খেলার শেষ ১৫ মিনিটেই হয়েছে ৪ গোল, যার ২টি আবার ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে পেনাল্টি গোলে সমতা আনা মরক্কো ভাবতেও পরেনি কী অপেক্ষা করছে সামনে। ৮ মিনিটের ইনজুরি সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে বাঁকানো ফ্রিকিক থেকে ব্রুনো এমবানানগোয়ের গোল গ্যাবনকে এনে দেয় স্মরণীয় এই জয়।স্বাগতিকেরা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল নির্ধারিত সময়েই। ২৫ মিনিটে হুসাইন খাজরার গোলে পিছিয়ে পড়া গ্যাবন এগিয়ে যায় ৭৭ ও ৭৯ মিনিটে অবামেয়াং ও ড্যানিয়েল কাজিনের গোলে। ইনজুরি সময়ের শুরুতেই পেনাল্টি থেকে আরেকটি গোলে সমতা ফিরিয়ে (২-২) মরক্কোর অধিনায়ক খাজরাই ম্যাচে ছড়িয়ে দিয়েছিলেন অনিশ্চয়তা। এএফপি।