আগের ম্যাচে জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। আবুধাবিতে শেষ ম্যাচটা তাই শ্রীলঙ্কার জন্য সম্মান বাঁচানোর লড়াই। ২ উইকেটের নাটকীয় জয়ে শেষ পর্যন্ত সেটা করতে পেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয় পেয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
এ মাঠেই আগের ম্যাচে শ্রীলঙ্কার করা ২২৫ রান হেসে-খেলে টপকে গিয়েছিল পাকিস্তান। কাল টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে ২৩২ রানে অলআউট করে দিয়ে মঞ্চটুকু তৈরি করে দিয়েছিলেন শ্রীলঙ্কার বোলাররা। ২৪ ওভার শেষে ১ উইকেটে ১১৩ রান দেখে মনে হয়েছিল, ব্যাটসম্যানরাও নিরাশ করবেন না শ্রীলঙ্কান অধিনায়ককে। কিন্তু এর পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে এক প্রান্তে দিনেশ চান্ডিমাল ছিলেন অবিচল। ১৯৫ রানে অষ্টম উইকেট হারালেও ৬৪ রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত দলকে লক্ষ্যে (২৩৫/৮) পৌঁছে দেন চান্ডিমাল। অবশ্য ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তানই।
পাকিস্তানের তিনটি জয়েই বড় ভূমিকা ছিল ওই তিন ম্যাচেই সেঞ্চুরি করা মোহাম্মদ হাফিজের। কাল আবুধাবিতেও সেভাবেই শুরুটা করেছিলেন হাফিজ। তবে ৫৬ বলে ৪১ রান করে ম্যাথুসের বলে বোল্ড হয়ে তিনি ফিরে যাওয়ার পরই একটা বড় ধাক্কা খায় পাকিস্তান। চতুর্থ উইকেটে এ দুজনের ৫৮ রানের জুটি ভেঙে যাওয়ার পরও আশা হয়ে ছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু অর্ধশতক পেরোনোর পর তিনিও ফিরে যান লাসিথ মালিঙ্গার বলে কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে। এ বছর ওয়ানডেতে ৩২ ইনিংসে এটা মিসবাহর ১৫তম ফিফটি। ১৯৪ রানে ৮ উইকেট হারানোর পরও শেষ দিকে আনোয়ার আলীর ৩৮ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস সম্মানজনক সংগ্রহ এনে দেয় পাকিস্তানকে। শ্রীলঙ্কার হয়ে চারটি উইকেট নিয়েছেন মালিঙ্গা, তিনটি উইকেট সুরাঙ্গা লাকমলের। ওয়েবসাইট।