শেষ ম্যাচে জিতে শীর্ষে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের প্রথম ম্যাচটা পড়েছিল সন্দেহের আতশি কাচের তলায়। চট্টগ্রামে চিটাগং কিংসের কাছে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হারে অস্বাভাবিকতার গন্ধও ছিল। কাল বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে যখন আবারও মুখোমুখি তারা, হারজিত কোনো বিষয়ই হলো না। কারণটা স্পষ্ট, এই ম্যাচের আগেই যে জানা হয়ে গেছে শেষ চারের লাইনআপ।আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচেও জিতল ঢাকা গ্ল্যাডিয়েটরসই। চিটাগং কিংসকে ২৯ রানে হারিয়ে সিলেট রয়্যালসের সঙ্গে লিগ পর্বটা তারাও শেষ করল ১৮ পয়েন্ট নিয়ে। তবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে শীর্ষ দল ঢাকা। মুখোমুখি লড়াইয়ে ঢাকা, চিটাগং দুই দলেরই আছে একটি করে জয়।নির্ভার ক্রিকেটের প্রদর্শনীতে আলোটা কেড়ে নিলেন ঢাকার সাকিব আল হাসান। ব্যাট হাতে কখনো ডাউন দ্য উইকেটে তেড়ে এলেন, কখনো নির্ভুল স্কুপ, কখনো বা ওয়াইড বলেও ব্যাট উল্টে মারার চেষ্টা। চিটাগং কিংস বোলারদের কোনো সুযোগই না দিয়ে সাকিব ২৫ বলে করে ফেললেন ফিফটি। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত ২৯ বল খেলে। বর্তমান চ্যাম্পিয়নদের ৬ উইকেটে করা ১৬৮ রানের ইনিংসের চুম্বক অংশ বলতে পারেন তাঁর এই ব্যাটিংকেই। পরে বল হাতেও ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচও অলরাউন্ডার সাকিব।চিটাগং কিংস ব্যাটসম্যানদের মধ্যে লড়াই করলেন কেবল ওপেনার নুরুল হাসান (৪৩) ও মার্শাল আইয়ুব (৩২)। ২০ রানে প্রথম উইকেট পড়ার পর তাদের দ্বিতীয় উইকেট জুটিতে হয়েছে ৭২ রান। সেখান থেকে মাত্র ৪৭ রানে পড়েছে তাদের শেষ ৮ উইকেট।সংক্ষিপ্ত স্কোরঢাকা গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১৬৮/৬ (কব ৫, দিলশান ৪৯, এনামুল ২৩, সাকিব ৫৯*, স্টিভেন্স ২১, মাশরাফি ০, রকিবুল ০; এনামুল জুনিয়র ১/২৩, রুবেল ১/২৯, তাসকিন ১/৩১, টেন ডেসকাট ১/৪৫)। চট্টগ্রাম কিংস: ২০ ওভারে ১৩৯/৯ (রয় ৯, নুরুল ৪৩, মার্শাল ৩২, টেন ডেসকাট ৬, আরিফুল ১৯, আফতাব ২, মেহরাব জুনিয়র ৬, তাসকিন ০, রুবেল ০, আরাফাত ৭*, এনামুল জুনিয়র ৩*; দিলশান ২/৬, মোশাররফ ২/১৯, সাকিব ২/২৫, টমাস ২/৩৪)।ফল: ঢাকা গ্ল্যাডিয়েটরস ২৯ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।