শেষ ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত দুই আসরের মতো এবারও হতাশাজনকভাবে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন। তবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত এক জয় দিয়ে শেষটা ভালোই করেছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। অধিনায়ক আনামুল হকের এক অসাধরণ শত রানের সুবাদে ২২ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ১১২ বলে ১২৮ রান করেছেন আনামুল।২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। পঞ্চম ওভারে মাত্র ১৯ রানের মাথায় ফিরে গিয়েছিলেন ওপেনার সৌম্য সরকার। তবে এরপর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক আনামুল হক। আরেক ওপেনার লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে তিনি গড়েন ১৭৯ রানের এক ম্যাচজয়ী জুটি। দলীয় ২১৭ রানের মাথায় যখন আনামুল সাজঘরে ফেরেন, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ ওভারে মাত্র ১৯ রান। কিন্তু এই রানটুকু সংগ্রহ করতেও যেন শেষ পর্যায়ে ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮১ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছিলেন পাকিস্তানের প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। শেষ পর্যায়ে মোহাম্মদ নেওয়াজের ৮২ ও শহীদ ইলিয়াসের ৪৪ রানের ইনিংস দুটির সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট পেয়েছেন আল আমিন ও দেওয়ান সাব্বির।