
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখার জন্য জিততেই হতো শ্রীলঙ্কাকে। জিততে হতো ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতেও। কাল হাম্বানটোটায় সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে দুটি লক্ষ্যই পূরণ করেছে লঙ্কানরা। প্রথম দুটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকার ১৬৩ রান ১১ বল হাতে রেখেই টপকে গেছে স্বাগতিকেরা। ওপেনার তিলকরত্নে দিলশান ৫১ বলে করেন অপরাজিত ৭৪ রান। তাঁর দুর্দান্ত এই ইনিংস ৯ চার ২ ছয়ে সাজানো। মাহেলা জয়াবর্ধনে ১৬ বলে ৩৩ ও থিসারা পেরেরা ১১ বলে করেছেন অপরাজিত ২৫ রান।
বল হাতেও শ্রীলঙ্কার সূচনাটা দারুণ হয়েছিল। ম্যাচের প্রথম বলেই উইকেট। নুয়ান কুলাসেকারার বলে এলবিডব্লু হেনরি ডেভিডস। অবশ্য স্বাগতিকদের ফুরফুরে মেজাজটা উবে যেতে সময় লাগেনি। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (৬৫ বলে ৮৫) ও জেপি ডুমিনির (৩৪ বলে অপরাজিত ৫১) ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ১৬৩ রান। তৃতীয় উইকেটে ডু প্লেসিস ও ডুমিনির ৭৩ বলে ১১২ রান, টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ম্যাচ সেরা হয়েছেন দিলশান, সিরিজ সেরা ডুমিনি। ওয়েবসাইট।